প্রথমবার ঢাকার মঞ্চে ‘সুসানাহ্’

নরওয়েজিয়ান নাট্যকার ইয়োন ফঁসের নাটক ‘সুসানাহ্’র মঞ্চায়ন প্রথমবার হলো দেশে। গতকাল শনিবার সন্ধ্যায় ঢাকার শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার মিলনায়তনে ছিল এর দ্বিতীয় প্রদর্শনী।
এর আগে গত বুধবার ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) মিলনায়তনে নাটকটির প্রথম প্রদর্শনী হয়। বিশ্ববিদ্যালয়টির ‘হেনরিক ইবসেন-ইয়োন ফসে ফেস্টিভ্যাল ২০২৬ বাংলাদেশ’ উপলক্ষে নাটকটির প্রথম প্রদর্শনী হয়।
২০২৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পাওয়া নাট্যকার ইয়োন ফঁসের ‘সুসানাহ্’ বাংলায় যৌথভাবে অনুবাদ করেছেন সুবাহ বিনতে আহসান এবং আইইউবির ইংলিশ অ্যান্ড মডার্ন ল্যাঙ্গুয়েজেস বিভাগের অধ্যাপক ড. আহমেদ আহসানুজ্জামান। নির্দেশনা দিয়েছেন অধ্যাপক আহসানুজ্জামান। অভিনয়ে আইইউবির শিক্ষার্থীরা।
ঢাকায় রয়্যাল নরওয়েজিয়ান দূতাবাসের সহযোগিতায় আইইউবি আয়োজন করে ‘হেনরিক ইবসেন-ইয়োন ফঁসে ফেস্টিভ্যাল ২০২৬ বাংলাদেশ’। এর অংশ হিসেবে ‘গণতন্ত্রের বৃহত্তর প্রেক্ষাপটে হেনরিক ইবসেন’ শীর্ষক জাতীয় রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। এতে অংশ নেন দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ৩১৬ শিক্ষার্থী।
উৎসবে অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হকোন অ্যারাল্ড গুলব্র্যান্ডসেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ফকরুল আলম। ইবসেন ও ফঁসেকে নিয়ে আলোচনায় অংশ নেন আইইউবির ইংরেজি অ্যান্ড মডার্ন ল্যাঙ্গুয়েজেস বিভাগের অধ্যাপক রাজিয়া সুলতানা খান ও অধ্যাপক সরকার হাসান আল জায়েদ এবং ব্র্যাক ইউনিভার্সিটির ইংলিশ অ্যান্ড হিউম্যানিটিজ বিভাগের অধ্যাপক সাবিহা হক।




