বলিউডে দিশা পাটানির এক দশক

দিশা পাটানি - ইনস্টাগ্রাম
বলিউডে এক দশক পূর্ণ করলেন অভিনেত্রী দিশা পাটানি। বড় পর্দায় নিজের পথচলার ১০ বছর পূর্তি উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
২০১৫ সালে তেলুগু সিনেমা ‘লোফার’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় তার। পরের বছর ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’র মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি। নীরাজ পাণ্ডে পরিচালিত এই বায়োপিক তার ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে আছে।
ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের এক দশকের অভিনয়জীবনের দিকে ফিরে তাকিয়েছেন দিশা। গত ১০ বছরে অভিনয় করা বিভিন্ন চরিত্র ও অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি লিখেছেন, ‘এ যাত্রায় নিজেকে আবিষ্কারের এক দশক পূর্ণ করতে পেরে আমি কৃতজ্ঞ। যেসব সুন্দর চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছি, সেগুলো আমার সঙ্গে চিরকাল থেকে যাবে। যারা আমাকে এই সুযোগ দিয়েছেন, সবার প্রতি আমি কৃতজ্ঞ। সবার ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ। আমি ভীষণ কৃতজ্ঞ।’
‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরিতে’ প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত অভিনয় করেছিলেন ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির চরিত্রে। দিশাকে দেখা গেছে ধোনির প্রথম প্রেম প্রিয়াঙ্কা ঝার ভূমিকায়।
এক দশক পূর্তির মাইলফলক এমন একসময়ে এলো, যখন ক্যারিয়ারে বেশ ব্যস্ত সময় পার করছেন ৩৪ বছর বয়সী দিশা। ২০২৬ সালে তাকে ‘ও রোমিও’ সিনেমায় স্বল্প পরিসরের চরিত্রে দেখা গেছে। পাশাপাশি তারকাবহুল ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এর অংশ ছিলেন তিনি।
এ বছর ইমরান হাশমির বিপরীতে ‘আওয়ারাপন ২’ সিনেমায় অভিনয় করেছেন দিশা। ২০০৭ সালের রোমান্টিক অ্যাকশন সিনেমা ‘আওয়ারাপন’-এর সিক্যুয়েল হিসেবে নির্মিত এই চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে তাকে।
সামনে হিন্দি, তামিল ও আন্তর্জাতিক সিনেমা মিলিয়ে দিশার হাতে রয়েছে বেশ কয়েকটি কাজ। ‘হলিগার্ডস সাগা: দ্য পোর্টাল অব ফোর্স’-এর মাধ্যমে হলিউডে অভিষেক হতে যাচ্ছে তার। এতে মুখ্য চরিত্রে থাকছেন কেভিন স্পেসি।
এ ছাড়া নাগ অশ্বিন পরিচালিত ২০২৪ সালের সায়েন্স ফিকশন সিনেমা ‘কল্কি ২৮৯৮ এডি’র দ্বিতীয় পর্বে রক্সি চরিত্রে দিশাকে দেখা যাওয়ার কথা রয়েছে।




