৮৩তম ভেনিস চলচ্চিত্র উৎসব
প্রিন্ট পত্রিকা ছিল তার রক্তে

(বাঁ থেকে) গাই পিয়ার্স, ক্লেয়ার ফয়, জ্যাক ও’কনেল, ড্যানি বয়েল- রয়টার্স
প্রিন্ট সাংবাদিকতা বিশ্ব জুড়ে ক্রমেই সংকুচিত হচ্ছে। এমন পরিস্থিতিতে সংবাদপত্র মালিক হিসেবে রুপার্ট মারডকের নিবেদন তুলে ধরলেন ব্রিটিশ পরিচালক ড্যানি বয়েল। গত বুধবার ৮৩তম ভেনিস চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী দিনে সাংবাদিকদের তিনি বললেন, ‘রুপার্ট মারডকের রক্তে ছিল সংবাদপত্রের কালি। তিনি ছিলেন প্রিন্টের মানুষ। তিনি প্রিন্টকে ভালোবাসতেন। প্রিন্টশিল্পের নাজুক অবস্থা তাকে নিশ্চয়ই হতাশ করে।’
বুধবার রাতে আসরের উদ্বোধনী সিনেমা হিসেবে প্রদর্শন করা হলো মিডিয়া সাম্রাজ্যে রুপার্ট মারডকের উত্থানের দিনগুলো নিয়ে নির্মিত ‘ইঙ্ক’।
অস্কারজয়ী ‘স্লামডগ মিলিয়নিয়ার’-এর পরিচালক ড্যানি বয়েল উৎসবের সংবাদ সম্মেলনে বললেন, ‘তরুণ বয়সে অস্ট্রেলীয় সংবাদপত্র মালিক রুপার্ট মারডক ব্রিটেনের পুরনো মিডিয়া ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করে একটি কঠোর ও রক্ষণশীল সমাজে নতুন উদ্দীপনা এনে দিয়েছিলেন।’
‘দ্য সান’ পত্রিকার সম্পাদক ল্যারি ল্যাম্ব চরিত্রে অভিনয় করেছেন জ্যাক ও’কনেল। মারডকের ভূমিকায় আছেন গাই পিয়ার্স।
এদিকে ড্যানি বয়েলের আশঙ্কা, কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত অগ্রগতি সাংবাদিকতার ঐতিহ্যগত ওয়াচডগ বা ক্ষমতার জবাবদিহি নিশ্চিতকারী ভূমিকা হুমকির মুখে ফেলতে পারে।
এআইয়ের চ্যালেঞ্জের সঙ্গে সাংবাদিকতার বর্তমান সংকটের যোগসূত্র টেনেছেন হলিউড তারকা জর্জ ক্লুনি। তার দৃষ্টিতে, ‘সংবাদমাধ্যমের মালিকানা ক্রমেই অল্প কয়েকজন অত্যন্ত ধনী ব্যক্তির হাতে কেন্দ্রীভূত হচ্ছে। এটি উদ্বেগজনক।’
উদ্বোধন অনুষ্ঠানে আজীবন সম্মাননা হিসেবে গোল্ডেন লায়ন গ্রহণ করেন ৬৫ বছর বয়সী আমেরিকান এই অভিনেতা-নির্মাতা।






