আমি ব্যক্তিজীবনেও অভিনয় করি: নাজিয়া হক অর্ষা

নাজিয়া হক অর্ষা
কখনো পর্দার চরিত্রে, কখনো নিজের স্পষ্ট বক্তব্যে— দুই জায়গাতেই আলাদা উপস্থিতি তৈরি করেছেন নাজিয়া হক অর্ষা। অভিনয়ের বৈচিত্র্যে নিজের অবস্থান তৈরি করা জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী এবার কথা বলেছেন কাজ, সংসার, ব্যক্তিজীবন ও নিজের বোহেমিয়ান সত্তা নিয়ে। ‘স্টার স্টোরিজ’-এর সেটে তার সঙ্গে আলাপে বসেছেন পান্থ আফজাল।
অভিনয়ের পাশাপাশি প্রায় দুই বছরের সংসার জীবনও পার করছেন অর্ষা। কাজ ও ব্যক্তিজীবনের সমন্বয় নিয়ে তার ভাষ্য, সংসার এমন একটি বিষয়, যেখানে সব সময় একই রকম পরিস্থিতি থাকে না। কখনো ভালো, কখনো খারাপ। বিভিন্ন পরিস্থিতির মধ্য দিয়েই এগিয়ে যেতে হয়।
ব্যক্তিজীবনে তিনি সত্যিই সুখী, নাকি সুখী থাকার অভিনয় করেন? এমন প্রশ্নেরও খোলামেলা উত্তর দিয়েছেন অর্ষা। তার মতে, মানুষের জীবনে সবসময় শতভাগ সুখী থাকা সম্ভব নয়। সম্পর্ক ও পরিস্থিতি সামলাতেও কখনো কখনো অভিনয়ের প্রয়োজন হয়।
নিজের জীবনের এই অভিনয় প্রসঙ্গে তিনি আরও বলেছেন, ‘আমি অভিনয়ও করি ব্যক্তিজীবনে, পারফরম্যান্স তো করি, যেহেতু অনস্ক্রিন কাজ করি। আসলে আমি অনেক সময় সুখী, অনেক সময় একদমই সুখী না।’
অর্ষার পছন্দের তারকাদের তালিকায় বিশেষ জায়গা দখল করে আছেন অভিনেত্রী অপি করিম। তার জীবনবোধ, সরলতা ও অভিনয় অর্ষাকে অনুপ্রাণিত করে। অপি করিমকে বিশ্লেষণ করতে গিয়ে অর্ষা বলেন, ‘উনার জীবনবোধ, উনার সিমপ্লিসিটি এগুলোর সঙ্গে আমার নিজের জীবনের অনেকটাই মিল পাই। এটা আমাকে অনেকটাই ইন্সপায়ার করে।’
অপি করিমের অভিনয়জীবনের বৈচিত্র্যও মুগ্ধ করে অর্ষাকে। মঞ্চ, উপন্যাসনির্ভর কাজ কিংবা ভিন্নধর্মী চরিত্র বিভিন্ন মাধ্যমে তার কাজের বিস্তৃতি তুলে ধরে অর্ষা বলেছেন, ‘‘উনি এত ভালো একজন পারফর্মার। এত ডাউন টু আর্থ। তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। উনি অনেক কাজ করেছেন, উপন্যাসভিত্তিক কাজ করেছেন। আবার মঞ্চের সেই ‘রক্তকরবী’র নন্দিনী। অনেক ভিন্ন ধরনের কাজ, চরিত্র করেছেন।”
অপি করিমের ব্যক্তিত্বের সরলতাই অর্ষার কাছে তাকে আরও আলাদা করে তুলেছে। তিনি বলেন, ‘এত কিছু করার পরও এই মানুষটাকে কোনো অনুষ্ঠানে বা কোনো স্থানে দেখি, তখন খুবই আপন লাগে। কোনো বাড়াবাড়ি নেই, কোনো কিছু নিয়ে এগিয়ে নেই। অনেক আউটস্ট্যান্ডিং লাগে তাকে। আমার মনে হয়, উনি যতটা না ভালো পারফর্মার, তার চেয়েও বেশি ভালো মানুষ।’
পান্থ আফজালের উপস্থাপনায় নাজিয়া হক অর্ষাকে নিয়ে ‘স্টার স্টোরিজ’-এর সাক্ষাৎকারটি আজ বৃহস্পতিবার রাত ৮টায় ‘আগামীর সময় এন্টারটেইনমেন্ট’ পেজ ও ইউটিউব চ্যানেলে প্রচার হবে।




