কারিনা কায়সারকে এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হচ্ছে চেন্নাইয়ে

কারিনা কায়সার
গুরুতর অসুস্থ অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারকে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হচ্ছে ভারতের চেন্নাইয়ে। এজন্য ব্যবস্থা করা হয়েছে এয়ার অ্যাম্বুলেন্সের। আজ সোমবার বিকালেই তাকে দেশের বাইরে নেওয়ার প্রস্তুতি চলছে।
সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কারিনার বাবা ও জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদ।
পরিবারের পক্ষ থেকে কারিনা কায়সারের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।
পরিবার সূত্রে জানা গেছে, কারিনার আগে থেকেই ফ্যাটি লিভারের সমস্যা ছিল। কয়েক দিন ধরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসকরা জানালেন, তার শরীরে সংক্রমণ দেখা দিয়েছে এবং তিনি হেপাটাইটিস এ-তে আক্রান্ত হয়েছেন।
গত শুক্রবার রাত থেকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
কারিনার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে পরিবার জানিয়েছে, তার অবস্থার তেমন কোনো পরিবর্তন হয়নি। তবে চিকিৎসকরা আপাতত তার রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছেন।





