ওটিটিতে মুক্তি পাচ্ছে অপি করিম-ঋত্বিকের ‘মায়ার জঞ্জাল’
বিনোদন প্রতিবেদক

অপি করিম-ঋত্বিক
আন্তর্জাতিক বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রশংসিত বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার সিনেমা ‘মায়ার জঞ্জাল’ এবার দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। অপি করিম ও কলকাতার অভিনেতা ঋত্বিক চক্রবর্তী অভিনীত সিনেমাটি ২৩ সেপ্টেম্বর রাত ১২টায়, অর্থাৎ ২৪ সেপ্টেম্বর থেকে চরকিতে স্ট্রিমিং হবে।
‘মায়ার জঞ্জাল’ অভিনেত্রী অপি করিমের দ্বিতীয় সিনেমা এবং যৌথ প্রযোজনায় প্রথম কাজ। প্রায় ১৯ বছর পর বড় পর্দায় ফেরার সিনেমা হিসেবে এটি মুক্তির আগেই আলোচনায় আসে।
সিনেমাটি পরিচালনা করেছেন পশ্চিমবঙ্গের নির্মাতা ইন্দ্রনীল রায়চৌধুরী। ‘ফড়িং’, ‘একটি বাঙালি ভূতের গপ্পো’ ও ‘ভালোবাসার শহর’খ্যাত এই নির্মাতার সিনেমাটির প্রযোজক বাংলাদেশের জসীম আহমেদ। কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘বিষাক্ত প্রেম’ ও ‘সুবালা’ অবলম্বনে নির্মিত হয়েছে ‘মায়ার জঞ্জাল’।
সিনেমায় অপি করিম অভিনয় করেছেন সোমা চরিত্রে। তার স্বামী চন্দনের ভূমিকায় রয়েছেন ঋত্বিক চক্রবর্তী। এছাড়া অভিনয় করেছেন বাংলাদেশের সোহেল মন্ডল এবং ভারতের পরাণ বন্দ্যোপাধ্যায়, ব্রাত্য বসু ও চান্দ্রেয়ী ঘোষ।
নগরজীবনের কঠিন বাস্তবতাকে কেন্দ্র করে এগিয়েছে সিনেমার গল্প। সমাজের প্রান্তিক অবস্থানে থাকা সোমা ও চন্দনের জীবনের টানাপোড়েন, দারিদ্র্য, বেকারত্ব, ভঙ্গুর সম্পর্ক ও টিকে থাকার সংগ্রাম উঠে এসেছে এতে। কঠিন পরিস্থিতিতে মানুষের সিদ্ধান্ত ও নৈতিক দ্বন্দ্বও গল্পের গুরুত্বপূর্ণ অংশ।
প্রায় দুই দশক পর সিনেমায় ফেরার প্রসঙ্গে অপি করিম জানিয়েছিলেন, পড়াশোনা ও কাজের ব্যস্ততার কারণে সিনেমায় নিয়মিত হওয়া সম্ভব হয়নি। তবে ইন্দ্রনীল রায়চৌধুরীর আগের কাজ দেখে তার সঙ্গে কাজ করার আগ্রহ তৈরি হয়। পরে ‘মায়ার জঞ্জাল’-এর গল্প ও চরিত্র তাকে সিনেমাটিতে অভিনয়ে আগ্রহী করে।
ঋত্বিক চক্রবর্তীর চরিত্র চন্দনকে ঘিরেও রয়েছে সমাজের একটি নির্দিষ্ট শ্রেণির মানুষের বাস্তবতা। অভিনেতার ভাষ্য, সিনেমাটিতে চন্দনের সামাজিক, অর্থনৈতিক ও মানসিক সংকটকে বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।
সোহেল মন্ডল সিনেমাটিতে সত্য চরিত্রে অভিনয় করেছেন। এটি তার ক্যারিয়ারের শুরুর দিকের গুরুত্বপূর্ণ কাজ বলে জানিয়েছেন তিনি। এই সিনেমায় অভিনয়ের জন্য নবাগত অভিনেতা হিসেবে ফিল্মফেয়ার বাংলা পুরস্কারও পেয়েছেন সোহেল।
২০২২ সালে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এশিয়ান ফিল্ম কম্পিটিশন বিভাগে অংশ নিয়ে সেরা চিত্রনাট্যের পুরস্কার অর্জন করে ‘মায়ার জঞ্জাল’। ২০২৪ সালের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলায়ও সাতটি বিভাগে পুরস্কার পায় সিনেমাটি।
দুই বাংলার প্রেক্ষাগৃহে ২০২৩ সালের ২৪ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছিল ‘মায়ার জঞ্জাল’। এবার প্রেক্ষাগৃহের পর ওটিটি দর্শকদের জন্য আসছে সিনেমাটি। ২৩ সেপ্টেম্বর রাত ১২টা থেকে, অর্থাৎ ২৪ সেপ্টেম্বর থেকে চরকিতে দেখা যাবে ‘মায়ার জঞ্জাল’।





