মান্নার সঙ্গে ১৩ বছর আগের ছবি শেয়ার করে ডিপজলের ‘দীর্ঘশ্বাস’
বিনোদন প্রতিবেদক

ডিপজলের ফেসবুক থেকে
১৯৯৯ সালে মুক্তি পায় ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় সিনেমা ‘আম্মাজান’। এই সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে তুমুল জনপ্রিয়তা পান চিত্রনায়ক মান্না ও মনোয়ার হোসেন ডিপজল। ছবিতে আম্মাজান চরিত্রে অভিনয় করেন বাংলাদেশ ও পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী শবনম।
সিনেমাটি সে সময় এতটাই ব্যবসাসফল হয়েছিল যে, প্রযোজক ডিপজল বস্তায় বস্তায় টাকা নিয়ে বাসায় যেতেন বলে জানা যায়। এই সিনেমার মধ্য দিয়ে মান্না ও ডিপজলের মধ্যে গড়ে ওঠে গভীর সম্পর্ক। একসঙ্গে কাজ করতে গিয়ে দুজনের জীবনে জমা হয় অনেক আনন্দময় স্মৃতি।
‘আম্মাজান’ ছাড়াও মান্না ও ডিপজল একসঙ্গে অভিনয় করেছেন ‘বর্তমান’, ‘কষ্ট’, ‘গুন্ডা নাম্বার ওয়ান’, ‘সমাজকে বদলে দাও’ (২০০২), ‘আলী বাবা’সহ বেশ কয়েকটি সিনেমায়।
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় ও প্রভাবশালী অভিনেতাদের একজন ছিলেন মান্না। ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুর এত বছর পরও তাঁর অভিনীত চলচ্চিত্র ও জনপ্রিয় চরিত্রগুলো দর্শকদের মনে জায়গা করে আছে। সহকর্মীদের স্মৃতিচারণেও বারবার ফিরে আসেন এই কিংবদন্তি অভিনেতা।




