নায়কের স্ত্রী পছন্দ করেন না তাই সিনেমা থেকে বাদ পড়েন তাপসী!

তাপসী পান্নু
বলিউডের যেকোনো অন্যায় বা অনিয়ম নিয়ে মুখ খুলতে কখনো দ্বিধা করেন না অভিনেত্রী তাপসী পান্নু। স্পষ্টভাষী হিসেবে সুপরিচিত এই নায়িকা সম্প্রতি এক সাক্ষাৎকারে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির ভেতরের কিছু চরম কটু ও বিচিত্র অভিজ্ঞতা শেয়ার করেছেন। বিনা কারণে সিনেমা থেকে বাদ দেওয়া তো ছিলই, সেই সঙ্গে নায়কের স্ত্রীর ব্যক্তিগত অপছন্দের কারণেও কাজ হাতছাড়া হয়েছিল তার।
সাংবাদিক নয়নদীপ রক্ষিতকে দেওয়া এক সাক্ষাৎকারে তাপসী জানান, সিনেমা থেকে বাদ পড়ার জন্য জীবনের সবচেয়ে অদ্ভুত ও হাস্যকর যে কারণটি তাকে দেওয়া হয়েছিল, তা শুনে তিনি নিজেও তাজ্জব বনে গিয়েছিলেন।
তাপসীর ভাষায়, ‘আমায় বাদ দেওয়ার পেছনে সবচেয়ে বাজে অজুহাত ছিল, সিনেমার প্রধান নায়কের স্ত্রী আমাকে পছন্দ করেন না। আমি আজ পর্যন্ত বুঝতে পারলাম না, সেই ভদ্রমহিলা কেন আমায় অপছন্দ করতেন’। তবে বিতর্ক এড়াতে সেই নায়ক বা তার স্ত্রীর নাম জনসম্মুখে আনেননি এই অভিনেত্রী।
অন্য এক ঘটনার কথা স্মরণ করে তিনি বলেন, ‘আমাকে বলা হয়েছিল নায়কের আপত্তির কারণেই আমাকে প্রজেক্ট থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু নির্দিষ্ট কোনো কারণ জানানো হয়নি। হতে পারে তাদের কোনো নিরাপত্তাহীনতা ছিল বা নায়ক নিজের পছন্দের কাউকে নিতে চেয়েছিলেন। কারণ জানতে চাওয়ায় আমাকে উল্টো বাদ দেওয়া হয়’।
বর্তমানে কাজের ক্ষেত্রেও ভিন্ন পথ বেছে নিয়েছেন ‘থাপ্পড়’ খ্যাত এই তারকা। একই ধরনের চরিত্রে অভিনয়ের প্রস্তাব আসলে তা সরাসরি নাকচ করে দিচ্ছেন।
তাপসী বলেন, ‘ইন্ডাস্ট্রিতে এখন গ্ল্যামারাস রোল আর সিরিয়াস রোলের জন্য আলাদা আলাদা অভিনেত্রী নির্দিষ্ট করে রাখা হয়। আমি এই খাঁচায় বন্দি হতে চাই না। এখন গল্প শুনে যদি মনে হয় দর্শকরা শেষটা সহজেই ধরে ফেলবে, তবে আমি নিজেই নির্মাতাদের বলি, এই ছবিতে আমাকে নেবেন না, এটা আপনার সিনেমার জন্যই খারাপ হবে’।
তাপসী পান্নুকে সর্বশেষ নেটফ্লিক্সের ড্রামা ফিল্ম ‘গান্ধারী’ তে মূখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা গেছে।




