অক্টোবরে ওটিটি ও প্রেক্ষাগৃহে আসছে ১২ হলিউড সিনেমা

সংগৃহীত ছবি
বছরের শেষ ভাগ আসতেই চলচ্চিত্র প্রেমীদের জন্য বিনোদনের ঝুলিতে জমজমাট সব সিনেমা নিয়ে প্রস্তুত হলিউড ও আন্তর্জাতিক প্ল্যাটফর্মগুলো। ডার্ক থ্রিলার, ভিডিও গেম অ্যাডাপ্টেশন, পিরিয়ড ড্রামা থেকে শুরু করে রোমাঞ্চকর ডকুমেন্টারি— এই অক্টোবরে মুক্তি পেতে যাওয়া সেরা ১২টি সিনেমার তালিকা দেখে নিন এক নজরে।
১. ডিগার
‘মিশন ইম্পসিবল’-এর দুরন্ত স্টান্ট ছেড়ে এবার রূপ বদলে প্রমান্য কমেডিতে ফিরছেন টম ক্রুজ। বিখ্যাত মেক্সিকান পরিচালক আলেহান্দ্রো ইনারিতুর নতুন সিনেমা ‘ডিগার’-এ প্রস্থেটিক মেকআপের পেছনে এক অদ্ভুত তেল খনিজ ধনকুবেরের চরিত্রে দেখা যাবে ক্রুজকে। পরিবেশ বিপর্যয় ঘটিয়ে জলবায়ু রক্ষায় নামা এক ধনকুবেরের এই ব্ল্যাক কমেডি ১ ও ২ অক্টোবর থেকে বিশ্ব জুড়ে দেখা যাবে।
২. সেন্স অ্যান্ড সেনসিবিলিটি
১৯৯৫ সালের কাল্ট ক্লাসিকের পর জেন অস্টিনের কালজয়ী উপন্যাস নিয়ে তৈরি ‘সেন্স অ্যান্ড সেনসিবিলিটি’ এবার নতুন রূপে পর্দায় আসছে। জর্জিয়া ওকলি পরিচালিত এই সিনেমায় ড্যাশউড বোনেদের চরিত্রে নজর কাড়বেন ডেইজি এডগার-জোন্স এবং এসমেই ক্রিড-মাইলস। ১৬ অক্টোবর মুক্তি পাবে এই রোমান্টিক সিনেমাটি।
৩. ভেরিটি
‘ইট এন্ডস উইথ আস’-এর তুমুল সাফল্যের পর লেখিকা কলিন হুভারের উপন্যাস অবলম্বনে নির্মিত সাইকোলজিক্যাল থ্রিলার ‘ভেরিটি’। গাড়ি দুর্ঘটনায় কোমায় চলে যাওয়া এক রহস্যময় লেখিকার চরিত্রে আছেন অ্যান হ্যাথাওয়ে, আর তার অসম্পূর্ণ উপন্যাস শেষ করতে আসা গোস্ট রাইটারের চরিত্রে ডাকোটা জনসন। এটি ১ ও ২ অক্টোবর থেকে মুক্তি পাচ্ছে।
৪. আদার মমি
‘বার্ড বক্স’ খ্যাত জশ মালারম্যানের উপন্যাস থেকে বানানো এই হ্যালোইন হরর সিনেমায় জেসিকা চ্যাস্টেইনকে দেখা যাবে দ্বৈত ভূমিকায়। নিজের সন্তানের মা ও তার এক রাক্ষসী রূপ বা প্রতিরূপের গল্প নিয়ে জেমস ওয়ান প্রযোজিত এ ছবি ভয় ধরাবে দর্শকদের মনে।
৫. দ্য সোশ্যাল রে কনিং
২০১০ সালের বিখ্যাত ‘দ্য সোশ্যাল নেটওয়ার্ক’-এর আধ্যাত্মিক সিক্যুয়েল এটি। অস্কারজয়ী অ্যারন সোর্কিনের পরিচালনায় ও মিকি ম্যাডিসনের অভিনয়ে এতে উঠে এসেছে ফেসবুকের ভেতরের গোপন তথ্য লিক করে দেওয়া হুইসেলব্লোয়ার ফ্রান্সেস হাউগেনের সত্য ঘটনা। এতে মার্ক জাকারবার্গের চরিত্রে অভিনয় করেছেন জেরেমি স্ট্রং। ৯ অক্টোবর মুক্তি পাবে সিনেমাটি।
৬. উইকার
একজন মধ্যযুগীয় দুর্গন্ধযুক্ত মৎস্যজীবী নারী যখন কাউকে বিয়ে করতে না পেরে ঝুড়ি-নির্মাতাকে দিয়ে কাঠের ডালপালা দিয়ে এক স্বামী বানিয়ে নেয়— তখন কী ঘটে? বিচিত্র ও অদ্ভুত এ রোমান্টিক ফ্যান্টাসিটি ৩০ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে।
৭. ফিয়র্ড
নরওয়ের প্রত্যন্ত গ্রামে এক রোমানিয়ান-নরওয়েজিয়ান দম্পতির ওপর শিশু নির্যাতনের অভিযোগ কেন্দ্র করে তৈরি ক্রিস্টিয়ান মুঞ্জিউর এই ড্রামা সিনেমাটি চলতি বছর কান চলচ্চিত্র উৎসবে সর্বোচ্চ পুরস্কার ‘পাম দোর’ জিতেছে। সেবাস্টিয়ান স্ট্যান অভিনীত চলচ্চিত্রটি ৯ অক্টোবর যুক্তরাষ্ট্রে মুক্তি পাবে।
৮. পসিবল লাভ
‘বার্নিং’ সিনেমার পরিচালক লি চ্যাং-ডং দীর্ঘ ৮ বছর পর ফিরলেন ধনী ও গরিব দুই দম্পতির মনস্তাত্ত্বিক টানাপড়েনের গল্প নিয়ে। ‘প্যারাসাইট’ সিনেমার মতো সামাজিক ব্যবধানের গল্প বলা এই কোরিয়ান ছবিটি ২৩ অক্টোবর প্রেক্ষাগৃহে এবং নভেম্বরে নেটফ্লিক্সে আসবে।
৯. তেনজিং
১৯৫৩ সালে এডমন্ড হিলারির সঙ্গে মাউন্ট এভারেস্ট জয় করা নেপালি-ভারতীয় শেরপা তেনজিং নরগের বায়োপিক এটি। জেনিফার পিডম পরিচালিত এ সিনেমায় তেনজিংয়ের চরিত্রে গেন্দেন ফুন্টসোক এবং হিলারির চরিত্রে আছেন টম হিডেলস্টোন। ছবিটি ৯ অক্টোবর থিয়েটারে ও ১৬ অক্টোবর অ্যাপল টিভিতে আসছে।
১০. স্ট্রিট ফাইটার
৯০-এর দশকের জনপ্রিয় যুদ্ধ ভিডিও গেম ‘স্ট্রিট ফাইটার’ আবার ফিরছে বড় পর্দায়। জেসন মোমোয়া ও নোয়া সেন্টিনিওদের নিয়ে তৈরি এ সিনেমাটি আগের ব্যর্থতা মুছে ১৫-১৬ অক্টোবর অ্যাকশনপ্রেমীদের মাতাতে আসছে।
১১. লা বোলা নেগ্রা
পেনেলোপে ক্রুজ-এর দুর্দান্ত ক্যামিও এবং বিখ্যাত স্প্যানিশ কবি ফেদেরিকো গার্সিয়া লোরকার হারিয়ে যাওয়া লেখা থেকে অনুপ্রাণিত এ পিরিয়ড ড্রামাটি ইতিহাস ও ভালোবাসার এক অনন্য কোলাজ। ছবিটিতে স্পেনে সমকামী ইতিহাস মুছে ফেলার সত্যতা তুলে ধরা হয়েছে। এটি ১৬ অক্টোবর মুক্তি পাচ্ছে।
১২. মাস্ক
বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ককে নিয়ে অস্কারজয়ী পরিচালক অ্যালেক্স গিবনির ৪ ঘণ্টার দীর্ঘ ডকুমেন্টারি ‘মাস্ক’। যদিও মাস্ক নিজে এটাকে ‘একঘেয়ে ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলেছেন, তবুও তার সিলিকন ভ্যালি থেকে ট্রিলিয়নিয়ার হয়ে ওঠার পেছনের গল্প দেখতে অধীর আগ্রহে বসে আছেন দর্শকরা। এটি ১৬ অক্টোবর যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে।

















