বাস্তবের প্রেম এবার পর্দায়, বিয়ের পর প্রথমবার জুটি সোনাক্ষী-জহিরের

সোনাক্ষী সিনহা ও জহির ইকবাল
দীর্ঘ সাত বছরের প্রেম আর ২০২৪ সালের জুনে জমকালো বিয়ে। বিনোদন জগতের অন্যতম চর্চিত ও মিষ্টি দম্পতি হিসেবে নিজেদের প্রমাণ করেছেন সোনাক্ষী সিনহা এবং জহির ইকবাল। এর আগে ‘ডাবল এক্সএল’ সিনেমায় একসঙ্গে কাজ করলেও, বিয়ের পর এই প্রথমবার বড় পর্দায় কেন্দ্রীয় চরিত্রে জুটি বাঁধতে যাচ্ছেন এই বাস্তব জীবনের স্বামী-স্ত্রী।
তাদের নতুন হিন্দি ফিচার ফিল্ম ‘তু হে মেরি কিরণ’ নিয়ে এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় শুরু হয়েছে।
সম্প্রতি প্রকাশ্যে এসেছে সিনেমাটির ফার্স্ট লুক ও পোস্টার। তবে সাধারণ রোমান্টিক গল্পের বদলে এ সিনেমাটির প্রেক্ষাপট সাজানো হয়েছে ভালোবাসা ও মারাত্মক অবসেশনকে কেন্দ্র করে। পোস্টার শেয়ার করে নির্মাতারা প্রশ্ন ছুড়ে দিয়েছেন, ‘ভালোবাসা এবং অন্ধ মোহের মধ্যে আপনি কোথায় সীমা টানবেন?’
করণ রাওয়ালের রচনা ও পরিচালনায় এবং ‘এশেলন প্রোডাকশনস’-এর ব্যানারে নির্মিত এ সাইকোলজিক্যাল থ্রিলার ও রোমান্টিক সিনেমাটি আগামী ২৩ অক্টোবর সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।
২০২৪ সালে কোনো বড় শোরগোল ছাড়াই স্পেশাল ম্যারেজ অ্যাক্টের অধীনে আইনি উপায়ে অত্যন্ত ঘরোয়া পরিবেশে বিয়ে সেরেছিলেন সোনাক্ষী ও জহির।
পরে মুম্বাইতে আয়োজিত তাদের জমকালো ওয়েডিং রিসেপশনে সালমান খান, আদিত্য রয় কাপুর, হুমা কুরেশি, অদিতি রাও হায়দারি ও চাঙ্কি পান্ডের মতো বলি পাড়ার শীর্ষ তারকারা উপস্থিত হয়ে নবদম্পতিকে শুভকামনা জানিয়েছিলেন।
বাস্তব জীবনের সেই অনবদ্য কেমিস্ট্রি পর্দায় কতটা নতুন রূপ নেয়, তা দেখার জন্যই এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই তারকা জুটির ভক্তরা।




