‘প্রেমিকাকে’ নিয়ে মণ্ডপে গোবিন্দ, বিচ্ছেদ গুঞ্জনে জোর হাওয়া

অভিনেতা গোবিন্দ, কোমল রানী স্বর্ণকার ও গোবিন্দার স্ত্রী সুনিতা আহুজা
চলতি গণেশ উৎসব উপলক্ষে মুম্বাইয়ের ঐতিহ্যবাহী ‘লালবাগচা রাজা’ মণ্ডপে উপস্থিত হয়ে নতুন করে আলোচনার কেন্দ্রে এসেছেন বলিউডের ‘হিরো নম্বর ওয়ান’ গোবিন্দ। প্রতি বছর পরিবারের সঙ্গে গণপতি বাপ্পার আশীর্বাদ নিতে এলেও এবার সম্পূর্ণ ব্যতিক্রমী এক চিত্র দেখা গেল।
পরিবারকে ছাড়াই নিজের আসন্ন সিনেমা ‘রূপা’-র সহশিল্পী ও চর্চিত প্রেমিকা কোমল রানী স্বর্ণকারকে সঙ্গে নিয়ে পূজা দিতে হাজির হন তিনি।
মণ্ডপে উপস্থিত হতেই পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হন এ বিতর্কিত জুটি। গোবিন্দার পরনে ছিল ঐতিহ্যবাহী সাদা কুর্তা-পায়জামা, আর কোমল সেজেছিলেন লাল ও হলুদ রঙের উৎসবমুখর শাড়িতে।
ক্যামেরার সামনে গোবিন্দা ভক্তদের উদ্দেশ্যে উচ্চস্বরে ‘গণপতি বাপ্পা মোরিয়া’ বলে অভিবাদন জানান এবং কোমল রানীও হাত নেড়ে কুশল বিনিময় করেন।
ঘটনার মাত্র কয়েক ঘণ্টা আগেই গোবিন্দার স্ত্রী সুনিতা আহুজা সম্পূর্ণ একা লালবাগচা রাজায় পুজা দিতে এসেছিলেন। কয়েক দিন আগেই অভিনেত্রী রাখী সাওয়ান্তের সঙ্গে এক ফোনালাপে সুনিতা দাবি করেছিলেন যে, গোবিন্দা এবং কোমল নাকি গোপনে বিয়ের পরিকল্পনা করছেন।
তবে গোবিন্দার ম্যানেজার শশী সিনহা সমস্ত দাবি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তিনি স্পষ্ট জানান, গোবিন্দা এবং সুনিতার বিচ্ছেদ বা দ্বিতীয় বিয়ের কোনো প্রশ্নই ওঠে না। অন্য এক অনুষ্ঠানে গোবিন্দাকে তার দুই সন্তান টিনা আহুজা ও যশবর্ধন আহুজার সঙ্গেও গণেশ পূজা উদযাপন করতে দেখা গেছে।
দীর্ঘ বিরতির পর নিজের প্রযোজিত সিনেমা ‘রূপা’-র মাধ্যমে রূপালি পর্দায় ফিরছেন গোবিন্দ, যেখানে মূল নারী চরিত্রে অভিনয় করছেন কোমল রানী। এ ছাড়া ‘দুনিয়াদারি’ নামে আরও একটি চলচ্চিত্রে তাদের একসঙ্গে কাজ করার গুঞ্জন রয়েছে।
ব্যক্তিগত জীবনের এ তুমুল বিতর্কের মধ্যে তাদের একসঙ্গে প্রকাশ্যে আসা এখন বি-টাউনের হট টপিক।




