দুই দশক পর পূজার সঙ্গে মারামারি নিয়ে মুখ খুললেন রণবীর শোরে

রণবীর শোরে ও পূজা ভাট
বলিউডের অন্যতম আলোচিত ও তিক্ত বিচ্ছেদ ছিল অভিনেতা রণবীর শোরে এবং অভিনেত্রী পূজা ভাটের সম্পর্ক। ‘জিসম’ চলচ্চিত্রে একসঙ্গে কাজ করার পর রণবীর ও পূজা ভাটের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে, যা পরে প্রেমের সম্পর্কে রূপ নেয়। তারা একসঙ্গে ছিলেন লিভ-ইন রিলেশনশিপেও।
২০ বছর আগে তাদের মারামারি, হামলা ও মামলার ঘটনা নিয়ে তোলপাড় হয়েছিল বলিউড পাড়ায়। দীর্ঘ দুই দশক পর সেই ঘটনা নিয়ে মুখ খুলেছেন পূজার ভাই রাহুল ভাট। আর রাহুলের বক্তব্যের পরই বিস্ফোরক দাবি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হাজির হলেন রণবীর শোরে।
সম্প্রতি সিদ্ধার্থ কাননকে দেওয়া এক সাক্ষাৎকারে পূজার ভাই রাহুল ভাট স্বীকার করেন যে, ২০ বছর আগে রণবীর ও পূজার ঝগড়ার সময় তিনি আইন নিজের হাতে তুলে নিয়েছিলেন।
রাহুল বলেছেন, ‘রণবীর ও পূজার মধ্যে ঝামেলা ও মারধরের ঘটনা ঘটলে আমি সেখানে হস্তক্ষেপ করি। তখন আমি গিয়ে রণবীরের গাড়ির কাচ ভেঙে দেই এবং মারধর করে তার পাঁজরের হাড় ভেঙে ফেলি। সেজন্য আমাকে গ্রেপ্তারও হতে হয়েছিল। কিন্তু রণবীর খুবই ভালো মনের মানুষ ছিলেন, পরে কোনো টাকা-পয়সা না নিয়ে ক্ষমা করে দিয়ে মামলাটি তুলে নেন।’
রাহুলের এ সাক্ষাৎকারের পর এক্স-এ রণবীর শোরে লেখেন, ‘আমি আনন্দিত যে ২০ বছরের বেশি সময় ধরে চলা কুৎসিত মিথ্যা প্রচারণার পর অবশেষে কিছু সত্য সামনে এলো। এবার মূল সত্যটা বলে শেষ করি, কোনো বিষাক্ত মানুষের সহিংস আচরণ থেকে নিজেকে বাঁচাতে আত্মরক্ষা করাকে মারধর করা বলে না।’
রণবীর এর আগেও অভিযোগ করেছিলেন যে, ঘটনাটিকে অন্য রূপ দিয়েছিলেন পূজার বাবা ও প্রখ্যাত পরিচালক মহেশ ভাট। রণবীরের দাবি, ঝগড়ার পর মহেশ ভাট তার বাবার কাছে বিষয়টি মিটিয়ে ফেলার প্রতিশ্রুতি দিলেও পরদিনই মিডিয়ায় মিথ্যা খবর ছড়িয়ে দেন। রণবীরকে একজন মদ্যপ, সহিংস ও অত্যাচারী পুরুষ হিসেবে গণমাধ্যমে উপস্থাপন করা হয়েছিল, যা পুরোটাই সাজানো ছিল বলে জানান রণবীর।
দুই দশকের পুরনো এ বিবাদ ও মারধরের ঘটনা নতুন করে প্রকাশ্যে আসলেও, বিষয়টি নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি মহেশ ভাট কিংবা পূজা ভাট।




