‘ভিউ বাড়ানো’র জন্য সম্পর্ক ভেঙে যাওয়ার সংবাদ করায় ক্ষিপ্ত জেসমিন

অ্যালি গোনির সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন ভারতীয় টেলিভিশন অভিনেত্রী জেসমিন ভাসিন। তার প্রথম ট্যাটু ‘I Am Enough’ নিয়ে দেওয়া একটি আবেগঘন পোস্টকে ঘিরে তাদের সম্পর্কের অবনতি নিয়ে গুঞ্জন শুরু হয়েছিল।
বর্তমানে মুছে দেওয়া ওই পোস্টে জেসমিন লিখেছিলেন, ভালোবাসা ও গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য অন্য কারও কাছে নিজেকে বিসর্জন দেবেন না; এমন প্রতিশ্রুতি হিসেবেই তিনি ট্যাটুটি করেছেন।
পোস্টটি দেখে অনেকেই ধারণা করেন, অ্যালি গোনির সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের ইঙ্গিত দিচ্ছেন জেসমিন। তবে পরবর্তীতে সামাজিক মাধ্যম পোস্টে সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন তিনি। ‘বিগ বস ১৪’-এর এই প্রতিযোগী স্পষ্ট করে জানিয়েছেন, তার পোস্টকে সম্পর্ক নিয়ে কোনো ‘গোপন বার্তা’ হিসেবে দেখা উচিত নয়।
ইনস্টাগ্রাম স্টোরিতে জেসমিন লিখেছেন, ‘আমার জীবনের সবকিছুই যে সম্পর্ক নিয়ে কোনো গোপন কোনো কথা, এমনটা নয়। কখনো কখনো আমি শুধু নিজেরই কথা বলি। অবাক লাগে, ভিউ ও মনোযোগ পাওয়ার জন্য কিছু মিডিয়া পেজ কীভাবে পোস্টগুলোকে ঘুরিয়ে-পেঁচিয়ে এমনভাবে উপস্থাপন করে, যাতে বেশি মানুষের নজর কাড়ে। শান্ত হন সবাই!
শনিবার নিজের প্রথম ট্যাটুর পেছনের গল্পও তুলে ধরেছিলেন জেসমিন। তিনি লিখেছিলেন, ‘দীর্ঘদিন ধরে আমি নিজেকে ছোট ছোট বাক্সের মধ্যে ঢোকানোর চেষ্টা করেছি। ভালোবাসা, গ্রহণযোগ্যতা ও আপন হওয়ার অনুভূতি পাওয়ার জন্য নিজেকে বদলেছি, ছোট করেছি, মানিয়ে নিয়েছি এবং অন্যরা যেমন দেখতে চেয়েছে, তেমন হওয়ার চেষ্টা করেছি।’
সেই পোস্টে ভাসিন লেখেন, ‘কোনো একসময় আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটিকেই হারিয়ে ফেলেছিলাম, নিজেকে। আমি সেই স্বাধীনচেতা, আনন্দময়, ইতিবাচক ও গুছানো মেয়ে হিসেবে থাকা বন্ধ করে দিয়েছিলাম। অন্য সবার কাছে নিজেকে যথেষ্ট প্রমাণ করার চেষ্টা করতে করতে ভুলে গিয়েছিলাম, নিজের জন্য আমি এমনিতেই যথেষ্ট।’
নিজের উপলব্ধির কথা জানিয়ে জেসমিন বলেন, ‘একটি হিলিং সেশনের সময় আমার জীবনের পরিবর্তন ঘটানো একটি উপলব্ধি হয়েছিল—অন্য কারও পৃথিবীতে জায়গা করে নিতে আমাকে নিজেকে ছোট করতে হবে না।’







