এগিয়ে আসা যুবকের বুকে নিজের ছবি দেখে চমকে গেলেন শেহনাজ

ভারতীয় অভিনেত্রী ও গায়িকা শেহনাজ গিল।
প্রিয় তারকার জন্য ভক্তদের নানা পাগলামির ঘটনা নতুন নয়। এবার এমনই এক কাণ্ড ঘটিয়ে আলোচনায় এসেছেন শেহনাজ গিলের এক ভক্ত। প্রিয় অভিনেত্রী ও গায়িকার মুখের ছবি নিজের বুকে ট্যাটু করিয়েছেন তিনি। সেই ট্যাটু দেখানোর পর শেহনাজের প্রতিক্রিয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যায়, এক যুবক এগিয়ে আসছেন। তার বুকে ট্যাটুতে শেহনাজের মুখচ্ছবি। দেখা যায়, ওই ভক্তের সঙ্গে পাঞ্জাবিতে কথা বলছেন শেহনাজ। একপর্যায়ে তার বুকে ট্যাটু করা নিজের মুখের ছবি দেখে অবাক হয়ে অভিনেত্রী প্রশ্ন করেন, ‘কেন ট্যাটু করিয়েছ?’
জবাবে ওই ব্যক্তি বলেন, ‘আমি আপনার ভক্ত।’ এরপর শেহনাজ বলেন, ‘আমি মানছি আপনি আমার ভক্ত। কিন্তু আপনি...’ এরপর তাকে ধন্যবাদ জানান অভিনেত্রী এবং ভক্তের হাত ধরেন।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নানা মন্তব্য করছেন নেটিজেনরা। একজন লিখেছেন, আগে ওই ভক্ত হাতে শেহনাজের ট্যাটু করেছিলেন। তখন শেহনাজ তাকে বলেছিলেন, ‘যা করেছ ভালো করেছ, তবে এবার আর হৃদয়ে করিও না।’ কিন্তু অভিনেত্রীর সেই কথা ভক্ত শোনেননি।
অন্য একজন মন্তব্য করেন, ‘একসময় শেহনাজ অজয়ের ট্যাটু করিয়েছিলেন, আজ মানুষ শেহনাজের ট্যাটু করাচ্ছে।’
এদিকে শেহনাজ গিলের সর্বশেষ সিনেমা ‘সিংহ ভার্সেস কৌর ২’ গত ১১ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে। গিপ্পি গ্রেওয়াল অভিনীত সিনেমাটি মুক্তির প্রথম দিনে ভারতে প্রায় ৩৫ লাখ রুপি নেট আয় করেছে বলে জানিয়েছে স্যাকনিল্ক। সপ্তাহান্তে সিনেমাটি বক্স অফিসে কেমন সাড়া ফেলে, এখন সেটিই দেখার বিষয়।
শেহনাজের হাতে আরও রয়েছে পাঞ্জাবি সিনেমা ‘রান্না চ ধন্না’ ও হিন্দি সিনেমা ‘সাব ফার্স্ট ক্লাস’। ‘রান্না চ ধন্না’ ২০২৭ সালে মুক্তির কথা রয়েছে। তবে ‘সাব ফার্স্ট ক্লাস’-এর মুক্তির তারিখ এখনো ঘোষণা করা হয়নি।




