জন্মদিনে সাড়ে ৩ কোটির গাড়ি পেয়েও প্রযোজকের কাছে হর্ষবর্ধনের আবদার

হর্ষবর্ধন রাণেকে
ফ্লপ হওয়ার পর দীর্ঘ ৯ বছর পর প্রেক্ষাগৃহে ফিরে রীতিমতো ইতিহাস গড়েছিল রোমান্টিক ড্রামা সিনেমা ‘সানাম তেরি কাসাম’। গত বছর অর্থাৎ ২০২৫ সালের ফেব্রুয়ারিতে রি-রিলিজের পর বক্স অফিসে ঝড় তোলা এই সিনেমার সাফল্যের কথা কারোরই অজানা নয়।
আর সেই সাফল্য উদ্যাপন করতেই সিনেমার নায়ক হর্ষবর্ধন রাণেকে চমকে দিলেন প্রযোজক দীপক মুকুট। সিনেমার পাশে থাকার উপহার হিসেবে হর্ষবর্ধনকে একেবারে সাড়ে ৩ কোটি রুপির ল্যান্ড রোভার ডিফেন্ডার অক্টা উপহার দিলেন প্রযোজক।
সামাজিক মাধ্যমে উপহার পাওয়ার সেই বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করে প্রযোজক দীপক মুকুট জানান, গত বছর যখন ছবিটি ফ্লপ তকমা মুছে রি-রিলিজের মাধ্যমে নতুন জীবন পেয়েছিল, তখন হর্ষবর্ধন যেভাবে সিনেমাটির পাশে দাঁড়িয়েছিলেন, তারই প্রতিদান হিসেবে এই গাড়ি উপহার দেওয়া।
কথা রেখে প্রযোজক গাড়ি তুলে দিলেও, হর্ষবর্ধন যেন এক অন্য ফন্দি এঁটে বসেছিলেন। উপহার পাওয়ার আনন্দে ইনস্টাগ্রামে সেই পোস্ট শেয়ার করে হর্ষবর্ধন মুকুটকে ধন্যবাদ জানানোর পাশাপাশি এক দারুণ প্রস্তাব দিয়ে বসেন।
প্রযোজককে উদ্দেশ্য করে হর্ষবর্ধন লেখেন, ‘স্যার, গত বছর রি-রিলিজের দাবিতে যেভাবে ভক্তদের নিয়ে আপনার অফিসের বাইরে দাঁড়িয়েছিলাম, আগামী মাসে আমার জন্মদিনে আবার ভক্তদের নিয়ে আপনার দরজায় হাজির হব। তবে এবার একটাই দাবি, সানাম তেরি কাসাম ২-এর সবুজ সঙ্কেত। পরিচালক ও স্ক্রিপ্ট আপনার পছন্দমতো হবে, আপনি কি এই জন্মদিনের উপহারটা দেবেন?’
২০১৬ সালে মাত্র ৮ কোটি আয় করা সিনেমাটি ২০২৫ সালের রি-রিলিজের পর বিশ্বজুড়ে ৫৪ কোটির ব্যবসা করে তাক লাগিয়ে দিয়েছিল। এখন দেখার বিষয়, হর্ষবর্ধনের এই জন্মদিনের আবদারে প্রযোজক সত্যি সত্যিই ‘সানাম তেরি কাসাম ২’ ঘোষণা করেন কি না।




