২৮ বছরের জাডেন স্মিথের সঙ্গে ৮২ বছরের মিশেল লামির প্রেম, আসল সত্য কী?

জাডেন স্মিথ ও মিশেল লামি
বয়সের ব্যবধান পুরো ৫৪ বছর। হলিউড মেগাস্টার উইল স্মিথের ২৮ বছর বয়সী ছেলে ও জনপ্রিয় অভিনেতা-গায়ক জাডেন স্মিথের সঙ্গে ৮২ বছর বয়সী ফরাসি ফ্যাশন আইকন মিশেল লামির প্রেম ও বাগদানের খবরে গত কয়েকদিন ধরে তোলপাড় চলছে পুরো সামাজিক মাধ্যমে।
নেটপাড়ায় ঘুরে বেড়াচ্ছে দুজনের হাত ধরাধরি করে হাঁটা, এমনকি অন্তরঙ্গ মুহূর্ত ও চুম্বনের বেশ কিছু ছবি ও ভিডিও। কিন্তু আসলেই কি অসম বয়সী এই প্রেমে মজেছেন জাডেন, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য?
ভাইরাল হওয়া ছবিগুলো দেখে নেটিজেনদের চোখ কপালে উঠলেও, আন্তর্জাতিক সংবাদমাধ্যম এবং ফ্যাক্ট-চেকারদের তদন্তে বেরিয়ে এসেছে চমকপ্রদ তথ্য। এবিসি ১০ নিউজের ফ্যাক্ট-চেক অনুযায়ী, জাডেন ও মিশেল লামির এই প্রেমের গল্প পুরোটাই কাল্পনিক ও ভুয়া।
অনলাইনে যে অন্তরঙ্গ ছবি ও ভিডিওগুলো ঘুরছে, তার সবগুলোই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি এবং ডিজিটালি এডিট করা।
ঘটনার সূত্রপাত গত ৯ নভেম্বর, যখন সামাজিক মাধ্যম এক্সে একটি পোস্টে দাবি করা হয় যে জাডেন স্মিথ আশীর্বাদ নিতে মিশেল লামির বাড়িতে গিয়েছিলেন।
শুরুতে বিষয়টি মা-ছেলের স্নেহের সম্পর্ক হিসেবে দেখানো হলেও, পরদিনই কিছু ভুয়া অ্যাকাউন্ট থেকে দাবি করা হয় যে তাদের বাগদান হয়ে গেছে এবং এআই-জেনারেটেড কিছু চুম্বনের ছবি ছড়িয়ে দিয়ে গুজবটি ছড়িয়ে দেওয়া হয়।
ফ্যাশন দুনিয়ায় অত্যন্ত পরিচিত ও প্রভাবশালী নাম মিশেল লামি। সোনার দাঁত, কালো রঙ করা আঙুল এবং অদ্ভুত সব গয়নার জন্য তিনি এমনিতেই আলোচিত। ফ্যাশন জগতে আসার আগে তিনি ফ্রান্সে আইনজীবী হিসেবে কাজ করতেন।
এছাড়াও তিনি বিখ্যাত আমেরিকান ফ্যাশন ডিজাইনার রিক ওয়েন্সের স্ত্রী। সব মিলিয়ে জাডেন স্মিথ বা মিশেল লামির পক্ষ থেকে এই সম্পর্কের কোনো ভিত্তি পাওয়া যায়নি; পুরো ঘটনাটিই নিছক ইন্টারনেটের একটি গুজব ও এআই প্রযুক্তির অপব্যবহার ছাড়া আর কিছুই নয়।




