‘ভারতে শান্তি নেই’ মন্তব্যে বিপাকে সঞ্জয় দত্ত

সঞ্জয় দত্ত
‘ভারতে আর আগের মতো শান্তি অনুভব করি না’, বলিউড সুপারস্টার সঞ্জয় দত্তের এই একটি মন্তব্যেই নেটপাড়ায় শুরু হয়েছিল তোলপাড়। বিতর্ক যখন তুঙ্গে, ঠিক তখনই সামাজিক যোগাযোগমাধ্যমে সুর বদলে স্পষ্টীকরণ দিলেন ‘সঞ্জু বাবা’। জানালেন, এটি কোনো গম্ভীর বক্তব্য ছিল না, পুরোটাই ছিল আগে থেকে লিখে রাখা একটি রসাত্মক চিত্রনাট্য বা ‘স্ক্রিপ্ট’।
সম্প্রতি প্রখ্যাত অভিনেতা শেখর সুমনের নতুন টক শো ‘শেখর টুনাইট’-এ বিশেষ অতিথি হিসেবে হাজির হয়েছিলেন সঞ্জয় দত্ত। গান্ধী জয়ন্তী উপলক্ষে সেখানে দেশের বর্তমান সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে সঞ্জয় বলেছেন, ‘এ দেশের মানুষ ভীষণ ভালো। কিন্তু এখানে যে শান্তি থাকা উচিত, সেটা আমি আর আগের মতো অনুভব করতে পারি না। আমরা ভারতীয়রা উদার ও অতিথিপরায়ণ। শিবজির কাছে প্রার্থনা করি, সেই শান্তির দিনগুলো যেন দ্রুত ফিরে আসে।’
শুধু তা-ই নয়, নিজের আইকনিক সিনেমা ‘মুন্না ভাই’-এর স্টাইলে নিজেকে ৫ মিনিটের জন্য ভারতের প্রধানমন্ত্রী কল্পনা করে ব্যঙ্গাত্মক মন্তব্যও করেন তিনি।
গান্ধীজির বিখ্যাত ‘তিন বানর’-এর রূপকটিকে নতুন করে ব্যাখ্যা করে তিনি রসিকতার ছলে বলেন, ‘বর্তমানে আমাদের দেশে একটি চতুর্থ বানরের খুব প্রয়োজন, যে চুপ করে না থেকে কোনো অন্যায় বা খারাপ কিছু দেখলে তা শুধরে দিতে এগিয়ে আসবে।’
ভিডিওটি প্রকাশ পাওয়ার পরপরই চরম বিতর্কের মুখে পড়েন এ তারকা। অনেকের মতে, তিনি দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন। বিতর্ক বাড়তে দেখে অবশেষে মাইক্রোব্লগিং সাইট এক্স-এ একটি বার্তা দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন সঞ্জয় দত্ত।
তিনি লেখেন, ‘কারও অনুভূতি বা কোনো প্রতিষ্ঠানকে আঘাত করা আমার উদ্দেশ্য ছিল না। পুরো বিষয়টি ছিল একটি স্ক্রিপ্টেড হাস্যরসাত্মক অনুষ্ঠান। মুন্না ভাই সিনেমার গান্ধীগিরির মতোই ভালোবাসা ও সম্প্রীতির বার্তা দেওয়াই ছিল মূল উদ্দেশ্য। দুর্ভাগ্যবশত, আমার কথাগুলোকে ভুল প্রেক্ষাপটে ব্যাখ্যা করা হয়েছে।’




