মাদ্রাসায় ফলাফলের শীর্ষে দারুন্নাজাত

সংগৃহীত ছবি
এবারের দাখিল পরীক্ষার ফলাফলে মাদ্রাসা বোর্ডে শীর্ষস্থান দখল করেছে রাজধানীর ডেমরার দারুন্নাজাত সিদ্দীকিয়া কামিল মাদ্রাসা। আজ সোমবার প্রকাশিত ফলাফলে দেখা গেছে, দারুন্নাজাত সিদ্দীকিয়া কামিল মাদ্রাসার ৯৭.৬১ ভাগ শিক্ষার্থী পাস করেছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬১৭ জন, যা দেশের সব মাদ্রাসার মধ্যে সর্বোচ্চ। বিগত বছরগুলোতেও ফলাফলে মাদ্রাসা বোর্ডে শীর্ষে ছিল এ প্রতিষ্ঠানটি।
ফলাফলে দেখা গেছে, জামিয়া আহমাদিয়া সুন্নীয়া কামিল মাদ্রাসার ৩২১ শিক্ষার্থীর মধ্যে ৩২০ জন পাস করেছে। পাসের হার ৯৯.৬৯ ভাগ। এই মাদ্রাসার ১১০ জন জিপিএ ৫ পেয়েছে। এ ছাড়া তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসায় পাসের হার ৯৭.২৮ ভাগ। জিপিএ ৫ পেয়েছে ২৬৬ জন।
দারুন্নাজাত সিদ্দীকিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ মাওলানা আ. খ. ম. আবু বকর সিদ্দীক বলেছেন, দ্বীনি পরিবেশ, শিক্ষার্থীদের নিয়মিত অধ্যবসায়, গভর্নিং বডির দক্ষ পরিচালনা, এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা, শিক্ষকদের কর্তব্যনিষ্ঠা এবং সর্বোপরি আল্লাহর অশেষ রহমত এ সাফল্যের মূল ভিত্তি। মাদ্রাসার উত্তরোত্তর সাফল্যের জন্য তিনি সবার কাছে দোয়া কামনা করেছেন।
এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। এর মধ্যে মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৫৫ দশমিক ৪৯ শতাংশ। এ ছাড়া সব বোর্ড মিলিয়ে জিপিএ ৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ শিক্ষার্থী। এর মধ্যে মাদ্রাসা বোর্ডে জিপিএ ৫ পেয়েছে ৬ হাজার ৭১৬ জন পরীক্ষার্থী। গত বছর মাদ্রাসা বোর্ড পাসের হার ছিল ৭৫ শতাংশ।





