মাদ্রাসায় ফল বিপর্যয়, পাস নেই ২২৬ প্রতিষ্ঠানে

ফাইল ছবি
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় দেশের ৩১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। এর মধ্যে সবচেয়ে বেশি ফল বিপর্যয় ঘটেছে মাদ্রাসা শিক্ষা বোর্ডে। দাখিল পরীক্ষায় ২২৬টি প্রতিষ্ঠানের কেউ পাস করতে পারেনি।
আজ সোমবার ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।
ফলাফলে দেখা যায়, মাদ্রাসা শিক্ষা বোর্ডের মোট ৯ হাজার ১৪১টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ২২৬টির পাসের হার শূন্য শতাংশ। বিপরীতে ৮৮টি প্রতিষ্ঠানের পাসের হার শতভাগ।
এ ছাড়া মাদ্রাসা বোর্ডের ২৫৬টি প্রতিষ্ঠানের পাসের হার ১ থেকে ১০ শতাংশের মধ্যে, ৬০৩টির ১০ থেকে ২০ শতাংশের মধ্যে এবং ৩ হাজার ৬০১টির পাসের হার ২০ থেকে ৫০ শতাংশের মধ্যে। আর ৪ হাজার ৩৬৭টি প্রতিষ্ঠানে ৫০ শতাংশের বেশি শিক্ষার্থী পাস করলেও শতভাগ পাসের হার অর্জন করতে পারেনি।
অন্যদিকে সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীন ১৮ হাজার ৪২২টি প্রতিষ্ঠানের মধ্যে ৫৭টির পাসের হার শূন্য শতাংশ। শতভাগ পাসের প্রতিষ্ঠান সাধারণ শিক্ষা বোর্ডগুলোয় ৪৯২টি।
আজ শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে পরীক্ষার ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করা হয়। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন অনুষ্ঠানে ফল প্রকাশের উদ্বোধন করেন। এ সময় দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নিজ নিজ বোর্ডের ফলাফলের অনুলিপি শিক্ষামন্ত্রীর কাছে হস্তান্তর করেন।





