৮ জানুয়ারি শুরু রাবির ভর্তি পরীক্ষা, আবেদন ১২ নভেম্বর থেকে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোগো
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৮ জানুয়ারি থেকে শুরু করার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের যাতায়াতের ভোগান্তি কমাতে এবার দেশের বিভাগীয় শহরগুলোর পাশাপাশি সিলেট ও ময়মনসিংহকে নতুন উপকেন্দ্র হিসেবে যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন আগামী ১২ নভেম্বর থেকে শুরু হয়ে চলবে ২৭ নভেম্বর পর্যন্ত।
আজ রবিবার (১৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক এস এম কামরুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
প্রশাসন ভবন-১-এর কনফারেন্স রুমে উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলামের সভাপতিত্বে ভর্তি উপ-কমিটির সভা অনুষ্ঠিত হয়। সেখানে সভায় ভর্তি পরীক্ষার সময়সূচি ও উপকেন্দ্রের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।
আগামী ৮ জানুয়ারি ‘বি’ ইউনিটের (বাণিজ্য) পরীক্ষার মাধ্যমে ভর্তি পরীক্ষা শুরু হবে। পরদিন ৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে ‘সি’ ইউনিটের (বিজ্ঞান) পরীক্ষা। এরপর ১৬ জানুয়ারি ‘এ’ ইউনিটের (মানবিক) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এবার পরীক্ষার্থীদের যাতায়াত ও অবস্থানগত ভোগান্তি কমাতে আঞ্চলিক উপকেন্দ্রের সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা ও চট্টগ্রাম আঞ্চলিক উপকেন্দ্র রয়েছে। এর সঙ্গে নতুন করে সিলেট ও ময়মনসিংহকে উপকেন্দ্র হিসেবে যুক্ত করার প্রস্তাব করা হয়েছে।







