রাত ৮টার পর রাবি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

সংগৃহীত ছবি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা জোরদারে রাত ৮টার পর বহিরাগতদের ক্যাম্পাসে অবস্থান ও প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
পাশাপাশি অবৈধ ও অস্থায়ী দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ রাখা এবং শিক্ষার্থীদের বৈধ পরিচয়পত্র বহন বাধ্যতামূলক করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ক্যাম্পাসজুড়ে মাইকিং করে এ নির্দেশনার কথা জানানো হয়।
প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধ এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
ঘোষণা অনুযায়ী, সুনির্দিষ্ট ও যৌক্তিক কারণ ছাড়া কোনো বহিরাগত ক্যাম্পাসে চলাফেরা করতে পারবেন না। বহিরাগতদের মোটরসাইকেলসহ যেকোনো ধরনের যানবাহনের প্রবেশও নিয়ন্ত্রণ করা হবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সব নিয়মিত শিক্ষার্থীকে সার্বক্ষণিক বৈধ আইডি কার্ড সঙ্গে রাখতে হবে।
এ ছাড়া কেন্দ্রীয় গ্রন্থাগার, ড. শহীদুল্লাহ অ্যাকাডেমিক ভবন, মমতাজ উদ্দীন অ্যাকাডেমিক ভবন, সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী অ্যাকাডেমিক ভবন, রবীন্দ্রনাথ ঠাকুর অ্যাকাডেমিক ভবন এবং বিভিন্ন ছাত্রী হলসংলগ্ন এলাকায় গড়ে ওঠা অস্থায়ী ও অবৈধ দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বললেন, ক্যাম্পাসে সুষ্ঠু ও সুন্দর পরিবেশ বজায় রাখাই আমাদের প্রধান লক্ষ্য। সম্প্রতি বহিরাগতদের চলাচল ও যানবাহনের প্রবেশ উদ্বেগজনকভাবে বেড়েছে, যা শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করছে। সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতেই এ সতর্কতামূলক নির্দেশনা জারি করা হয়েছে।




