ঢাকা কলেজে বিকট শব্দে ককটেল বিস্ফোরণ, শিক্ষার্থীদের বিক্ষোভ

ককটেল বিস্ফোরণের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ
ঢাকা কলেজ ক্যাম্পাসে বিকট শব্দে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ নভেম্বর) রাত ১২টার দিকে উত্তর ছাত্রাবাস ও বিজয়-২৪ হলের মধ্যবর্তী স্থানের ঘটনা এটি।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কলেজের একাধিক আবাসিক শিক্ষার্থী।
সরেজমিনে দেখা যায়, ককটেল বিস্ফোরণের পর বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা বিজয়-২৪ ছাত্রাবাসের সামনে জড়ো হন। এ সময় তারা ‘ছাত্রলীগের আস্তানা, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘আওয়ামী লীগের আস্তানা, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’ বলে স্লোগান দেন। প্রতিবেদন লেখা পর্যন্ত ককটেল বিস্ফোরণের প্রতিবাদে ঢাকা কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিক্ষোভ চলছিল।
ঘটনার প্রত্যক্ষদর্শী ঢাকা কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান জানান, রাত আনুমানিক ১২টার দিকে বিজয়-২৪ ছাত্রাবাসের পেছনে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এ সময় সেখান থেকে ধোঁয়া উড়তে থাকে।
ঢাকা কলেজের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাহিদ হাসান বলেন, ‘আমি ও আমার বন্ধুরা খেতে যাওয়ার উদ্দেশ্যে ক্যানটিনের দিকে যাচ্ছিলাম। যাওয়ার পথে আমার ১০ হাত দূরত্বের মধ্যে একটি বিস্ফোরণের ঘটনা ঘটে।’
তিনি আরও বলেন, ‘বিকট শব্দ শুনে আমি যখন স্থবির হয়ে পড়ি, ঠিক সেই মুহূর্তে প্রচুর ধোঁয়া এসে আমাদের শরীরে পড়ে। আমাদের ধারণা, বিজয়-২৪ হল থেকেই এটি ফেলা হয়েছে।’
এ বিষয়ে ঢাকা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আনোয়ার মাহমুদ বলেন, ‘এমন ঘটনা সম্পর্কে আমি এখনো কিছু জানি না। বিষয়টি সম্পর্কে খোঁজখবর নিচ্ছি।’




