ঢাকা কলেজকে শীর্ষে নেওয়ার তাগিদ রাষ্ট্রপতির

ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শিক্ষার মানের দিক দিয়ে আবারও ঢাকা কলেজকে শীর্ষ অবস্থানে নেওয়ার তাগিদ দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শিক্ষামন্ত্রী ও শিক্ষা সচিবের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, ঢাকা কলেজকে তার ঐতিহ্য ও অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। যে সরকারই দায়িত্বে থাকুক, ঢাকা কলেজকে যথাযথ গুরুত্ব দেওয়া উচিত।
এ সময় ঢাকা কলেজের অবকাঠামোগত উন্নয়ন ও আধুনিকায়নে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম।
আজ শুক্রবার সকালে ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তারা এসব আশ্বাস দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রাষ্ট্রপতি বলেন, বিশ্বে বড় ধরনের প্রযুক্তিগত বিপ্লব ঘটে গেছে। চতুর্থ শিল্পবিপ্লবের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মানুষের কাজ ও জ্ঞানচর্চার ধরন বদলে দিচ্ছে। নতুন প্রজন্ম এসব প্রযুক্তি ব্যবহারে আগ্রহী। তাই শিক্ষাব্যবস্থায় তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়াতে হবে। একই সঙ্গে এসব প্রযুক্তি কীভাবে মানুষের কল্যাণে কাজে লাগানো যায়, সে বিষয়েও চিন্তা করতে হবে।
ঢাকা কলেজের বর্তমান শিক্ষার পরিবেশ ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, কলেজের শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত আবাসন ও হোস্টেলের ব্যবস্থা নেই। ভালো লাইব্রেরি, গবেষণাগার এবং কম্পিউটার ব্যবহারের পর্যাপ্ত সুযোগও নেই। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই শিক্ষাপ্রতিষ্ঠানের এসব সমস্যার দ্রুত সমাধান করা প্রয়োজন।
রাষ্ট্রপতি বলেন, প্রতি বছর অনেক শিক্ষার্থী স্নাতক শেষ করে বের হচ্ছেন, কিন্তু তাদের জন্য পর্যাপ্ত কর্মসংস্থান ও চাকরির সুযোগ তৈরি হচ্ছে না। শিক্ষাব্যবস্থাকে এমনভাবে সাজাতে হবে, যাতে শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান ও দক্ষতা দেশের মানুষের জীবন ও অর্থনীতিতে কার্যকর অবদান রাখতে পারে।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিক্ষাব্যবস্থাকে উন্নয়ন ও কর্মসংস্থান উপযোগী করে গড়ে তোলার উদ্যোগ নিয়েছিলেন। এ লক্ষ্যে তিনি একটি শিক্ষা কমিশন গঠন করেছিলেন। জিয়াউর রহমানের সময় শিক্ষার্থীদের মাধ্যমে নিরক্ষর মানুষকে সাক্ষরতা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল। এ কাজে অংশগ্রহণের জন্য এসএসসি পরীক্ষায় ৫০ নম্বর রাখার ব্যবস্থা করা হয়েছিল।
নিজের ছাত্রজীবনের স্মৃতিচারণ করে ফখরুল জানান, তার ঢাকা কলেজে অধ্যয়নের সময়কাল ছিল ১৯৬৩ থেকে ১৯৬৫ সাল। তখন কলেজে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ছিল। তৎকালীন অধ্যক্ষ জালালউদ্দিন অত্যন্ত কঠোরভাবে এ নিষেধাজ্ঞা কার্যকর করতেন। তবে সেই পরিস্থিতিতেও শিক্ষার্থীরা গোপনে শহীদ মিনারে ফুল দিয়েছেন এবং সংগঠন করার চেষ্টা করেছেন।
শিক্ষামন্ত্রী ও শিক্ষা সচিবের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, ঢাকা কলেজকে তার ঐতিহ্য ও অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। যে সরকারই দায়িত্বে থাকুক, ঢাকা কলেজকে যথাযথ গুরুত্ব দেওয়া উচিত। কলেজটিকে আবারও শিক্ষার মানের দিক থেকে শীর্ষ অবস্থানে নিতে হবে। শিক্ষার্থীর সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে তাদের চাহিদা ও প্রয়োজনও বেড়েছে। এসব চাহিদা পূরণে দ্রুত কার্যকর উদ্যোগ নিতে হবে।
শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন বলেন, ঢাকা কলেজ বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। কিন্তু গত ২০ বছরে কলেজটির উন্নয়নে কী করা হয়েছে, তা নিয়ে তার প্রশ্ন রয়েছে। অনুষ্ঠানে উপস্থিত হয়েই তিনি প্রধান প্রকৌশলীর সঙ্গে কথা বলে কলেজের উন্নয়নে কী কী কাজ করা হয়েছে, তা জানতে চান। প্রধান প্রকৌশলী তাকে জানিয়েছেন, কলেজটির জন্য তেমন কিছুই করা হয়নি।
শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। এ কারণে এবার শিক্ষা খাতে সবচেয়ে বড় বাজেট দেওয়া হয়েছে, যা মোট বাজেটের ২ শতাংশ। এর আগের বছরে এ বরাদ্দ ছিল ১ দশমিক ৩৯ শতাংশ। তবে আগের বরাদ্দের হিসাবের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ও তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের বাজেট যুক্ত ছিল বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, এবার শিক্ষাব্যবস্থাকে ব্যাপকভাবে ঢেলে সাজানোর চেষ্টা চলছে। ঢাকা কলেজে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কোনো স্বজনপ্রীতি বা দলীয়করণ করা হয়নি। শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রেও কোনো তদবির বা হস্তক্ষেপ করা হয়নি। ঢাকা কলেজের শিক্ষার মান উন্নয়নে আলাদাভাবে পরিকল্পনা করা হচ্ছে। শুধু ঢাকা কলেজ নয়, ঢাকা শহরের বৃহত্তর আটটি কলেজকে নিয়েও পরিকল্পনা রয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম বলেন, দেশের রাষ্ট্র পরিচালনা ও বিনির্মাণে ঢাকা কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। অথচ দেশের অন্যতম ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠান যে পর্যায়ের উন্নয়ন পাওয়ার কথা ছিল, তা পায়নি। বর্তমান সরকারের আমলেই কলেজটির সার্বিক অবস্থার পরিবর্তন ঘটবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মীর সরফত আলী সপু। এ সময় ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন এবং সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন, প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।



