ক্রয় কমিটির সিদ্ধান্ত
কুতুবজোমে এলএনজি টার্মিনাল নির্মাণের অনুমোদন পেল চীন

সংগৃহীত ছবি
মাসখানেক আগে প্রস্তাব ফেরত দেওয়া হলেও শেষ পর্যন্ত মহেশখালীর কুতুবজোমে ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) নির্মাণের অনুমোদন পেয়েছে চীন। একই ব্যয়ে চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল এনার্জি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের (সিএনইই) দেওয়া প্রস্তাবে সায় দিয়েছে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। ফলে ব্যয় কমানোর আলোচনা থাকলেও শেষ পর্যন্ত প্রস্তাবিত ব্যয় অপরিবর্তিত রয়েছে।
গতকাল বৃহস্পতিবার কমিটির বৈঠক শেষে অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, জিটুজি ভিত্তিতে কুতুবজোমে এলএনজি টার্মিনাল স্থাপনে সিএনইইর প্রস্তাব অনুমোদিত হয়েছে। জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের নথি অনুযায়ী, ১৫ বছর মেয়াদে এ প্রকল্পে সরকারের ব্যয় হবে প্রায় ১২ হাজার ৩২৪ কোটি টাকা। আর চুক্তির মেয়াদ ২০ বছর হলে ব্যয় দাঁড়াবে প্রায় ১৩ হাজার ১৬১ কোটি টাকা।
গত অক্টোবরে একই ব্যয়ের প্রস্তাব ফেরত পাঠানোর পর ব্যয় কমিয়ে নতুন প্রস্তাব দেওয়ার আলোচনা ছিল। তবে অনুমোদিত প্রস্তাবে ব্যয়ের কোনো পরিবর্তন দেখা যায়নি। অবশ্য নথিতে টার্মিনালের দৈনিক ফি, সক্ষমতা ও চালুর সময় সম্পর্কে বিস্তারিত উল্লেখ নেই।
গত ১৯ জুন সিএনইই কুতুবজোমে দৈনিক ৬০০ মিলিয়ন ঘনফুট গ্যাস পুনর্গ্যাসীকরণের সক্ষমতাসম্পন্ন একটি অফশোর এলএনজি টার্মিনাল নির্মাণের প্রস্তাব দেয়। এর সর্বোচ্চ সক্ষমতা ধরা হয়েছিল ৭৫০ মিলিয়ন ঘনফুট। তখন প্রকাশিত তথ্য অনুযায়ী, ১৫ বছরের চুক্তিতে প্রতিষ্ঠানটি দৈনিক ৩ লাখ ৪২ হাজার ডলার ফি চেয়েছিল। বর্তমানে এক্সিলারেট এনার্জির টার্মিনালের জন্য সরকার দৈনিক ২ লাখ ৫৪ হাজার ডলার এবং সামিটের জন্য ২ লাখ ৪৯ হাজার ১১৫ ডলার দেয়। সে হিসাবে নতুন টার্মিনালের জন্য সিএনইইকে দৈনিক ফি দিতে হবে বর্তমান টার্মিনালগুলোর তুলনায় প্রায় ৩৫ থেকে ৩৭ শতাংশ বেশি।
বৈঠকে এলএনজি আমদানির পাঁচটি প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এর মধ্যে জাপানের মার্কেটসের সঙ্গে পেট্রোবাংলার স্বল্পমেয়াদি ভিত্তিতে সরাসরি এলএনজি কেনার প্রস্তাব রয়েছে। এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতের এডিএনওসি ট্রেডিং এবং নাইজেরিয়ার ওজিমাডু অ্যান্ড মেরিটেস ওয়েল মার্কেটিং থেকে সরাসরি এলএনজি কেনার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়া রমজান উপলক্ষে খেজুর, সার আমদানি এবং কয়েকটি অবকাঠামো নির্মাণ প্রকল্পের কেনাকাটার প্রস্তাবেও অনুমোদন দিয়েছে কমিটি।



