সালতা ক্যাপিটাল
সন্দেহজনক তিন কর্মকাণ্ড
- অধিকতর তদন্তের জন্য বিএফআইইউর প্রতিবেদন বিএসইসিতে
- খতিয়ে দেখতে দুই সদস্যের কমিটি গঠন

শেয়ারবাজারের সদস্যভুক্ত ব্রোকারেজ হাউজ সালতা ক্যাপিটাল লিমিটেডের তিন কর্মকাণ্ডে বড় ধরনের অনিয়ম পাওয়া গেছে। এর মধ্যে ব্যাংক হিসাব থেকে কয়েক কোটি টাকা অন্য প্রতিষ্ঠানের বিও হিসাবে স্থানান্তর, সেই অর্থ দিয়ে ব্লক মার্কেটে রিপাবলিক ইন্স্যুরেন্সের শেয়ার কেনা এবং পৃথক একটি ব্যাংক হিসাব থেকে দেড় কোটি টাকা নগদে উত্তোলনের ঘটনা সামনে এসেছে। এসব লেনদেনের মাধ্যমে শেয়ারবাজারে কোনো ধরনের কারসাজি কিংবা সিকিউরিটিজ আইন লঙ্ঘন হয়েছে কি না, তা খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) পাঠানো গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে এ অনুসন্ধান ও তদন্তের উদ্যোগ নিয়েছে কমিশন। সম্প্রতি বিএসইসির মার্কেট ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগ থেকে জারি করা হয়েছে এ-সংক্রান্ত একটি আদেশ।
এসব অভিযোগের সত্যতা অনুসন্ধানের লক্ষ্যে এরই মধ্যে শর্তসাপেক্ষে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আদেশ জারির তারিখ থেকে ৬০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। কমিটির সদস্যরা হলেন বিএসইসির যুগ্ম পরিচালক মো. মোস্তাফিজুর রহমান এবং সহকারী পরিচালক রানা দাশ।
বিএসইসির আদেশে বলা হয়েছে, শেয়ারবাজারের সুষ্ঠু ও স্বচ্ছ কার্যক্রম নিশ্চিত করা এবং সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে বিএফআইইউ পাঠানো সন্দেহজনক গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী উল্লিখিত বিষয়গুলো অনুসন্ধান ও তদন্ত করা সমীচীন বলে মনে করেছে বিএসইসি। এ অবস্থায় সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯-এর ২১ ধারা, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩ এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ (২০১৫ সালের সংশোধনীসহ) অনুযায়ী কমিশনের ওপর অর্পিত ক্ষমতাবলে একটি অনুসন্ধান ও তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে উল্লিখিত বিষয়ে অনুসন্ধান ও তদন্ত পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্রে জানা গেছে, বিএসইসির গঠিত তদন্ত কমিটি সালতা ক্যাপিটালের অর্থ স্থানান্তর ও রিপাবলিক ইন্স্যুরেন্সের শেয়ার কেনার লেনদেনসহ সংশ্লিষ্ট অনিয়ম খতিয়ে দেখবে। প্রথমত, ওয়ান ব্যাংক পিএলসিতে সালতা ক্যাপিটালের সমন্বিত গ্রাহক হিসাব (সিসিএ) থেকে কোভ ইনভেস্টমেন্ট লিমিটেডের হিসাবে কয়েক কোটি টাকা স্থানান্তরের বিষয়টি যাচাই করা হবে। ওই অর্থের মাধ্যমে এসআইটিএল সিকিউরিটিজ লিমিটেডের মাধ্যমে বেলাল আহমেদের মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে ব্লক মার্কেটে রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার কেনা হয়েছে কি না, তা খতিয়ে দেখবে কমিটি।
দ্বিতীয়ত, ব্লক মার্কেটে ওই শেয়ার লেনদেনের মাধ্যমে সংশ্লিষ্ট শেয়ারের দাম বা লেনদেনকে কেন্দ্র করে কোনো ধরনের বাজার কারসাজি হয়েছে কি না, তা অনুসন্ধান করা হবে। একই সঙ্গে এ ঘটনায় সিকিউরিটিজ আইন ও বিধিবিধান লঙ্ঘন করা হয়েছে কি না, তা যাচাই করবে তদন্ত কমিটি।
তৃতীয়ত, ডাচ্-বাংলা ব্যাংক পিএলসিতে পরিচালিত সালতা ক্যাপিটালে সিসিএ হিসাব থেকে ১ কোটি ৫০ লাখ টাকা নগদে উত্তোলনের বিষয়টি খতিয়ে দেখা হবে। ওই অর্থ উত্তোলন ও সংশ্লিষ্ট লেনদেনের মাধ্যমে কোনো ধরনের বাজার কারসাজি কিংবা সিকিউরিটিজ আইন ও বিধিবিধান লঙ্ঘন হয়েছে কি না, তা তদন্ত করবে কমিটি।
এর আগে প্রায় ১৪ হাজার গ্রাহকের বিও হিসাবে থাকা ৪ কোটি ৩২ লাখ ১৬ হাজার ৬৪৩টি শেয়ার না জানিয়ে বিক্রি করে প্রতিষ্ঠানটি। এসব শেয়ার বিক্রি করে ৭২ কোটি ৮৩ লাখ টাকা আত্মসাৎ করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানের কনসোলিডেটেড কাস্টমার্স অ্যাকাউন্ট (সিসিএ) থেকে ২৭ কোটি ৬৯ লাখ টাকা অন্য হিসাবে সরিয়ে নেওয়া হয়। সব মিলিয়ে আত্মসাতের পরিমাণ ১০০ কোটি ৫২ লাখ টাকা।
এ ছাড়া গ্রাহকদের নিবন্ধিত মোবাইল ফোন নাম্বার পরিবর্তন, অনুমোদনহীন ব্যাক-অফিস সফটওয়্যার ব্যবহার এবং ভুয়া হিসাব বিবরণী পাঠানোর অভিযোগও রয়েছে। ২০২৫ সালের ২৩ নভেম্বর ডিএসইর পরিদর্শনে অর্থের ঘাটতি ধরা পড়ে। ওই বছরের ২৬ নভেম্বর বিএসইসি তদন্ত কমিটি গঠন করে। কমিটি চলতি বছরের ২১ মে প্রতিবেদন জমা দেয়। তদন্ত চলাকালে বিএসইসির আবেদনে সংশ্লিষ্টদের ব্যাংক হিসাব জব্দ করা হয়। সর্বশেষ চলতি বছরের ১৮ অক্টোবর ঢাকার সিএমএম আদালত ১২-তে ব্রোকারেজ হাউজটির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, পরিচালক (অর্থ), জেনারেল ম্যানেজারসহ মোট ছয়জনের বিরুদ্ধে মামলা (নম্বর-১৭১২/২০২৬) করে বিএসইসি।



