ওয়াসোর কার্যক্রম খতিয়ে দেখা হবে
- ক্রেডিট রেটিং কোম্পানিতে শুদ্ধি অভিযান
- পরিদর্শন পরিচালনার জন্য তিন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে

সংগৃহীত ছবি
শেয়ারবাজারের সদস্যভুক্ত ব্রোকারেজ হাউজ ওয়াসো ক্রেডিট রেটিং কোম্পানি (বিডি) লিমিটেডের সার্বিক কার্যক্রম যাচাই করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এরই ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়, শাখা কার্যালয়, হিসাবপত্র, রেকর্ড ও অন্যান্য প্রাসঙ্গিক নথিপত্র খতিয়ে দেখতে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। মূলত কার্যরত ক্রেডিট রেটিং কোম্পানিগুলোর আর্থিক সক্ষমতা, আইনানুগ কার্যক্রম ও নির্দেশনা পরিপালন নিশ্চিত করতেই কমিশনের এই পদক্ষেপ।
সম্প্রতি বিএসইসির মার্কেট ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগের পরিদর্শন, অনুসন্ধান ও তদন্ত শাখা থেকে এ-সংক্রান্ত একটি আনুষ্ঠানিক আদেশ জারি করা হয়েছে। গঠিত কমিটিকে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে তাদের সার্বিক পরিদর্শন কার্যক্রম সম্পন্ন করে কমিশনে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে বিষয়টি অবহিত করা হয়েছে ওয়াসো ক্রেডিট রেটিংয়ের ব্যবস্থাপনা পরিচালককে।
বিএসইসির আদেশে প্রতিষ্ঠানটির পরিদর্শন কার্যক্রম পরিচালনার জন্য যে তিনজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তারা হলেন— বিএসইসির যুগ্ম পরিচালক অনু দে, সহকারী পরিচালক মো. শাকিল আহমেদ এবং মো. আশরাফুল হাসান।
এ বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র আবুল কালাম আগামীর সময়কে বলেছেন, ক্রেডিট রেটিং কোম্পানিগুলো শেয়ারবাজারে ঋণপত্র, বন্ড, বিভিন্ন প্রতিষ্ঠানের আর্থিক সক্ষমতা ও ঝুঁকি মূল্যায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে কোনো অনিয়ম বা বিধি লঙ্ঘন করছে কি না, তা যাচাই করে দেখা হবে। বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় বিএসইসি এ সিদ্ধান্ত নিয়েছে। পরিদর্শন কার্যক্রমে কোনো অসংগতি পাওয়া গেলে আইন অনুযায়ী নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা।
বিএসইসির আদেশে উল্লেখ রয়েছে, শেয়ারবাজার এবং সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থে ওয়াসো ক্রেডিট রেটিং কোম্পানির কার্যালয় ও নথিপত্র পরিদর্শন করা প্রয়োজন। এর পরিপ্রেক্ষিতেই বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (ক্রেডিট রেটিং কোম্পানি) বিধিমালা, ২০২২-এর বিধি ১১ এবং ১২-এর অর্পিত ক্ষমতাবলে এই কার্যক্রম পরিচালনার জন্য তিন কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে।
পরিদর্শনে প্রধানত যাচাই করা হবে, বিধিমালাটির বিধি ৪(খ) অনুযায়ী ওয়াসো ক্রেডিট রেটিং কোম্পানি তাদের নিবন্ধন বজায় রাখার যোগ্যতা হারিয়েছে কি না। পাশাপাশি প্রতিষ্ঠানটি বিএসইসি আইন ১৯৯৩, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স ১৯৬৯, আচরণবিধি কিংবা নিবন্ধন সনদের কোনো শর্ত লঙ্ঘন করেছে কি না, তাও খতিয়ে দেখা হবে।
এ ছাড়া ২০২৬ সালের ২৭ জানুয়ারি অনুষ্ঠিত কমিশনের ৯৯৬তম সভার সিদ্ধান্ত প্রতিষ্ঠানটি যথাযথভাবে বাস্তবায়ন করেছে কি না, তা এই পরিদর্শনে গুরুত্বের সঙ্গে যাচাই করা হবে। একই সঙ্গে কোম্পানির সম্পদ ও দায়ের প্রকৃত চিত্র নিরূপণ এবং সিকিউরিটিজ-সংক্রান্ত আইন ও বিধিমালার অন্য কোনো লঙ্ঘন রয়েছে কি না, সেটিও পর্যালোচনা করা হবে বিশদভাবে।
বাজারসংশ্লিষ্টদের মতে, ক্রেডিট রেটিং কোম্পানিগুলো শেয়ারবাজারে ঋণপত্র, বন্ড, বিভিন্ন প্রতিষ্ঠানের আর্থিক সক্ষমতা ও ঝুঁকি মূল্যায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে এসব প্রতিষ্ঠানের কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম বা বিধি লঙ্ঘন থাকলে তা বাজারের স্বচ্ছতা ও বিনিয়োগকারীদের আস্থার ওপর প্রভাব ফেলতে পারে। বিএসইসির এ ধরনের পরিদর্শন কার্যক্রম বাজারের স্বচ্ছতা, জবাবদিহি ও বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধিতে রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা।
ক্রেডিট রেটিং হলো কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সরকারের ঋণ পরিশোধের সক্ষমতা ও ঝুঁকি মূল্যায়নের একটি পদ্ধতি, যা বিশেষ এজেন্সি দ্বারা নির্ধারণ করা হয়ে থাকে। এটি মূলত ‘এএএ’ (সর্বোচ্চ নিরাপত্তা) থেকে ‘ডি’ (খেলাপি) পর্যন্ত স্কেলে রেটিং করা হয়। ভালো রেটিংয়ের মাধ্যমে সহজে ও কম সুদে ঋণ পাওয়া যায়, যা বিনিয়োগকারীদের আস্থা বাড়ায়।




