পার্বতীপুরে ৩ হোটেল ও এক বেকারিকে ৫ লাখ টাকা জরিমানা

গ্রাফিকস: আগামীর সময়
দিনাজপুরের পার্বতীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের খাবার, মিষ্টি, দই ও খুরমা তৈরি এবং বিক্রির দায়ে তিনটি হোটেল ও একটি বেকারিকে মোট ৫ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জরিমানার অর্থ অনাদায়ে সংশ্লিষ্ট মালিকদের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যায় পার্বতীপুর শহরের বিভিন্ন এলাকায় দিনাজপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-৫ এর বিচারক মো. সোহাগ হোসেনের নেতৃত্বে পরিচালিত হয় এ অভিযান।
জরিমানার আওতায় আসা প্রতিষ্ঠানগুলো হলো শাহ হোটেল, মুক্তিযোদ্ধা হোটেল, মামা-ভাগিনা হোটেল এবং তাজ বেকারি।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এসব প্রতিষ্ঠানে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা হচ্ছিল নিম্নমানের খাদ্যসামগ্রী। বিশেষ করে মিষ্টি, দই ও খুরমা তৈরিতে চরম অনিয়ম এবং ক্ষতিকর উপাদান ব্যবহারের প্রমাণ পাওয়ায় চালানো হয় আকস্মিক অভিযান। অভিযানের সময় অপরাধ প্রমাণিত হলে ভ্রাম্যমাণ আদালতের কাছে নিজেদের দোষ স্বীকার করেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মালিকরা।
তাদের স্বীকারোক্তির ভিত্তিতে ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ-সংক্রান্ত আইনের আওতায় শাহ হোটেল, মুক্তিযোদ্ধা হোটেল ও মামা-ভাগিনা হোটেলকে ১ লাখ টাকা করে এবং তাজ বেকারিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে পরিশোধ না করলে সংশ্লিষ্ট মালিকদের ভোগ করতে হবে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড।
অভিযান শেষে বিচারক মো. সোহাগ হোসেন বলেন, ‘জনস্বাস্থ্যের সুরক্ষায় এবং সাধারণ মানুষকে ভেজালমুক্ত খাবার নিশ্চিত করতে এই ধরনের অভিযান অত্যন্ত জরুরি।’
তিনি আরও বলেন, ‘আগামীতেও পার্বতীপুর উপজেলার বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ, মিষ্টির দোকান ও বেকারিতে এ ধরনের কঠোর নজরদারি এবং ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।’




