মশিহর সিকিউরিটিজের ১২২ বিনিয়োগকারী পেলেন ৩.২১ কোটি টাকা

বন্ধ হয়ে যাওয়া মশিহর সিকিউরিটিজের বিনিয়োগকারীদের যাচাই করা পাওনা অর্থ ফেরত দেওয়া শুরু করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। প্রথম দিনেই ১২২ জন বিনিয়োগকারীকে মোট ৩ কোটি ২১ লাখ ৫৭ হাজার টাকার চেক দেওয়া হয়েছে।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা এবং বিনিয়োগকারী সুরক্ষা তহবিলের আওতায় এই অর্থ ফেরত দেওয়া হচ্ছে। ডিএসইর ট্রেকহোল্ডার প্রতিষ্ঠান মশিহর সিকিউরিটিজের বিনিয়োগকারীদের যাচাইকৃত দাবির বিপরীতে পর্যায়ক্রমে চেক বিতরণ করা হবে।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত প্রথম দিনের চেক বিতরণ কার্যক্রম চলে। বিনিয়োগকারীদের নির্ধারিত সময় অনুযায়ী চেক দেওয়া হয়েছে। আগামী দিনগুলোতেও একই সময়ে চেক বিতরণ করা হবে। সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের চেক সংগ্রহের তারিখ ও সময় খুদে বার্তার মাধ্যমে জানানো হবে।
মশিহর সিকিউরিটিজ ২০২৪ সালে বন্ধ হয়ে যাওয়ার পর প্রতিষ্ঠানটির কাছে বিনিয়োগকারীদের পাওনা অর্থ অনিশ্চয়তার মধ্যে পড়ে। পরে ডিএসইর নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন করেন বিনিয়োগকারীরা। যাচাই শেষে তাদের প্রাপ্য অর্থ ফেরত দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
চেক পাওয়া এক বিনিয়োগকারী বললেন, মশিহর সিকিউরিটিজ বন্ধ হয়ে যাওয়ার পর তার বিনিয়োগের একটি বড় অংশ অনিশ্চয়তার মধ্যে পড়ে। পরে ডিএসইর নিয়ম অনুযায়ী আবেদন করেন। যাচাইকৃত পাওনা অর্থের পুরো চেক হাতে পেয়ে তিনি স্বস্তি পেয়েছেন বলে জানান।
আরেক বিনিয়োগকারী বললেন, আবেদনের পর ডিএসইর সহযোগিতায় তার পাওনা অর্থের চেক পেয়েছেন। দীর্ঘদিনের আর্থিক চাপের মধ্যে এই অর্থ ফেরত পাওয়ায় তিনি আনন্দিত।
ডিএসই জানিয়েছে, বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষাকে গুরুত্ব দিয়ে যাচাইকৃত দাবির বিপরীতে পর্যায়ক্রমে অর্থ পরিশোধ করা হচ্ছে। একই ব্যবস্থার আওতায় বাঙ্কো সিকিউরিটিজ, ক্রেস্ট সিকিউরিটিজ, তামহা সিকিউরিটিজ এবং শাহ মোহাম্মদ সগীর অ্যান্ড কো.-এর বিনিয়োগকারীদের যাচাইকৃত দাবির অর্থও পর্যায়ক্রমে পরিশোধ করা হবে।
এর মাধ্যমে বন্ধ হয়ে যাওয়া এসব ব্রোকারেজ প্রতিষ্ঠানের বিনিয়োগকারীদের যাচাই করা পাওনা ফেরত দেওয়ার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে বলে জানিয়েছে ডিএসই।



