সব সূচকেই ঊর্ধ্বমূখী শেয়ারবাজার

গ্রাফিকস: আগামীর সময়
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে চাঙাভাব দেখা গেছে। সপ্তাহজুড়ে প্রধান মূল্যসূচকসহ সব কটি সূচক বেড়েছে। এর পাশাপাশি দৈনিক গড় লেনদেন, শেয়ার হাতবদলের পরিমাণ এবং বাজার মূলধনেও ইতিবাচক প্রবৃদ্ধি হয়েছে। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ ৪ হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে। তবে সূচক ঊর্ধ্বমুখী থাকলেও দরবৃদ্ধির তুলনায় দরপতনের তালিকায় থাকা কোম্পানির সংখ্যা ছিল কিছুটা বেশি।
ডিএসইর সাপ্তাহিক প্রতিবেদন অনুযায়ী, সপ্তাহ শেষে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৬০ দশমিক ৭৩ পয়েন্ট বা ১ দশমিক ১২ শতাংশ বেড়ে ৫ হাজার ৫০৫ দশমিক ৬৪ পয়েন্টে দাঁড়িয়েছে, যা আগের সপ্তাহে ছিল ৫ হাজার ৪৪৪ দশমিক ৯১ পয়েন্ট। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ ১ দশমিক ২৮ শতাংশ বেড়ে ২ হাজার ৫৯ দশমিক ৪০ পয়েন্ট থেকে ২ হাজার ৮৫ দশমিক ৭৩ পয়েন্টে উঠেছে এবং ডিএসই শরিয়াহ সূচক ডিএসইএস ১ দশমিক ৫৯ শতাংশ বেড়ে ১ হাজার ৭৪ দশমিক শূন্য ৮ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইএক্স সূচকের উত্থানে এককভাবে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ; কোম্পানিটির শেয়ারদর ২০ দশমিক ১৯ শতাংশ বাড়ায় সূচকে যোগ হয়েছে ২৭ দশমিক ৭৭ পয়েন্ট। এ ছাড়া প্রাইম ব্যাংক, মতিন স্পিনিং, স্কয়ার ফার্মাসিউটিক্যালস ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস সূচক বাড়াতে সহায়তা করেছে। বিপরীতে লংকাবাংলা ফাইন্যান্স, ইউসিবি ও এসিআই ফর্মুলেশনের শেয়ারদর কমায় সূচকে কিছুটা নেতিবাচক প্রভাব পড়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, শেয়ারবাজারের মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানগুলোর ঋণাত্মক ইকুইটি ও অবাস্তবায়িত লোকসান সমন্বয়ের উদ্যোগ এবং স্থগিত বিও হিসাবের লেনদেন সংক্রান্ত বিধিনিষেধ শিথিল হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরতে শুরু করেছে। এর পাশাপাশি মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনা কিছুটা প্রশমিত হওয়া এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমে আসাও বিনিয়োগকারীদের মনোভাব উন্নত করতে সহায়তা করেছে।
এদিকে, সপ্তাহের শুরুতে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) ভালো আর্থিক ফলাফলের কারণে বস্ত্র ও জ্বালানি-বিদ্যুৎ খাতের শেয়ারে ব্যাপক কেনাকাটা দেখা যায়। পরবর্তীতে সপ্তাহের মাঝামাঝি সময়ে ডিসেম্বর ক্লোজিং ব্যাংক ও বিমা কোম্পানিগুলোর বার্ষিক আর্থিক ফলাফল ও লভ্যাংশ ঘোষণার প্রত্যাশায় বিনিয়োগকারীদের আগ্রহ সেদিকে ঝুঁকে পড়ে।
সপ্তাহ শেষে ডিএসইর বাজার মূলধন ৩ হাজার ৪৫২ কোটি ৭২ লাখ টাকা বা শূন্য দশমিক ৫২ শতাংশ বেড়ে ৬ লাখ ৭৩ হাজার ৩৭২ কোটি ৩৩ লাখ টাকায় পৌঁছেছে, যা আগের সপ্তাহে ছিল ৬ লাখ ৬৯ হাজার ৯১৯ কোটি ৬১ লাখ টাকা। সামগ্রিকভাবে গত সপ্তাহে বাজারের রিটার্ন ছিল ১ দশমিক ১৯ শতাংশ এবং বাজারের গড় মূল্য-আয় অনুপাত (পিই রেশিও) ছিল ৮ দশমিক ২২।
গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ডিএসইতে মোট ৪ হাজার ৪৩ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের সপ্তাহের ৩ হাজার ৩২ কোটি ৮৬ লাখ টাকার চেয়ে এক হাজার কোটি টাকারও বেশি। দৈনিক গড় লেনদেন ২১ দশমিক ৪৮ শতাংশ বেড়ে ৬৬৫ কোটি ৭৩ লাখ টাকা থেকে ৮০৮ কোটি ৭১ লাখ টাকায় দাঁড়িয়েছে। এ সময় লেনদেন হওয়া শেয়ারের পরিমাণ ১ হাজার ৭৩ কোটি ৭৭ লাখ থেকে বেড়ে ১ হাজার ২২২ কোটি ৩৫ লাখে উন্নীত হয়েছে। তবে বাজারের সার্বিক সূচক বাড়লেও লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৫৩টির শেয়ারদর বৃদ্ধির বিপরীতে ১৫৮টির দর কমেছে। এ ছাড়া ৪০টি কোম্পানির দর অপরিবর্তিত ছিল এবং ৬০টি কোম্পানির কোনো শেয়ার লেনদেন হয়নি।
গত সপ্তাহে লেনদেন ও রিটার্ন-উভয় ক্ষেত্রেই শীর্ষে ছিল বস্ত্র খাত। এ খাতে দৈনিক গড় লেনদেন হয়েছে ১৭৮ কোটি ৩ লাখ টাকা (মোট লেনদেনের ২২ দশমিক শূন্য ১ শতাংশ), যা আগের সপ্তাহে ছিল ১৪৯ কোটি ৫৪ লাখ টাকা। লেনদেনের দিক থেকে দ্বিতীয় অবস্থানে থাকা জ্বালানি ও বিদ্যুৎ খাতে ১১০ কোটি ৪৬ লাখ টাকা (১৩ দশমিক ৬৬ শতাংশ), তৃতীয় অবস্থানে থাকা ওষুধ ও রসায়ন খাতে ৯১ কোটি ৭৯ লাখ টাকা এবং ব্যাংক খাতে ৮৮ কোটি ৯২ লাখ টাকার দৈনিক গড় লেনদেন হয়েছে। অন্যদিকে আগের সপ্তাহের তুলনায় জীবন বিমা খাতে ১৯ দশমিক ৩৩ শতাংশ, আর্থিক প্রতিষ্ঠান খাতে ১৮ দশমিক ৫৩ শতাংশ এবং সাধারণ বিমা খাতে ১৭ দশমিক ১৮ শতাংশ দৈনিক গড় লেনদেন কমেছে।
খাতভিত্তিক দরবৃদ্ধির হিসাবেও বস্ত্র খাত ৫ দশমিক ৯৬ শতাংশ গড় রিটার্ন নিয়ে শীর্ষে ছিল। এরপর পাট খাতে ৫ দশমিক ৯১ শতাংশ, ভ্রমণ ও অবকাশ খাতে ৪ দশমিক ৭৯ শতাংশ এবং সিরামিক খাতে ৩ দশমিক ২৩ শতাংশ রিটার্ন এসেছে। বিপরীতে জীবন বিমা খাতে ৩ দশমিক ৩৭ শতাংশ নেতিবাচক রিটার্ন দেখা গেছে।
গত সপ্তাহে ৪৩ দশমিক ৮৩ শতাংশ দর বেড়ে দরবৃদ্ধির শীর্ষে ছিল ওয়াটা কেমিক্যালস, যার শেয়ারদর ১২৭ টাকা ৩০ পয়সা থেকে বেড়ে ১৮৩ টাকা ১০ পয়সায় দাঁড়িয়েছে। এরপর যথাক্রমে নাভানা সিএনজি ২১ দশমিক ১১ শতাংশ, ইসলামী ব্যাংক ২০ দশমিক ১৯ শতাংশ, জাহিনটেক্স ২০ শতাংশ এবং মালেক স্পিনিংয়ের ১৯ দশমিক ৬৪ শতাংশ শেয়ারদর বেড়েছে।
অন্যদিকে ১২ দশমিক ৮৬ শতাংশ দর কমে পতনের শীর্ষে ছিল লংকাবাংলা ফাইন্যান্স, যার শেয়ারদর ১৪ টাকা থেকে কমে ১২ টাকা ২০ পয়সায় নেমেছে। দরপতনের তালিকায় এরপরেই ছিল পিপলস লিজিং (১১ দশমিক ৭৬ শতাংশ), জিএসপি ফাইন্যান্স (১১ দশমিক ৪৩ শতাংশ) এবং এইচএফএল (৯ দশমিক ৯১ শতাংশ)।
দৈনিক গড় ২৬ কোটি ৫৯ লাখ টাকা (মোট লেনদেনের ৩ দশমিক ২৯ শতাংশ) লেনদেন নিয়ে শীর্ষে ছিল মালেক স্পিনিং। এরপর যথাক্রমে শাহজিবাজার পাওয়ার (২৬ কোটি ২৪ লাখ টাকা) ও বারাকা পতেঙ্গা পাওয়ার (২২ কোটি ৩৮ লাখ টাকা) অবস্থান করছে।
শীর্ষ দশের বাকি কোম্পানিগুলো হলো: এনভয় টেক্সটাইল, ব্র্যাক ব্যাংক, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ডরিন পাওয়ার, প্রাইম ব্যাংক, এশিয়াটিক ল্যাবরেটরিজ এবং রানার অটোমোবাইলস। অন্যদিকে ব্লক মার্কেটে সর্বোচ্চ ২০ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের। এ ছাড়া ব্যাংক এশিয়ার ১৩ কোটি ৬৫ লাখ, সাইহাম টেক্সটাইলের ১২ কোটি ৮৭ লাখ এবং এপেক্স স্পিনিংয়ের ১২ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।



