সূচক ও লেনদেনের পতন

গ্রাফিকস: আগামীর সময়
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবারে সূচক ও লেনদেন উভয়েরই পতন ঘটেছে। বাজারের প্রধান সূচক ডিএসইএক্স ৩৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫,৪৪৫ পয়েন্টে। শরীয়াহ সূচক ৯ পয়েন্ট কমে ১,০৭৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট কমে ২,০৮১ পয়েন্টে অবস্থান করছে।
এদিন বাজারে লেনদেন হওয়া ৩৮৬টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৫৪টির, কমেছে ২৮৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টির দর। মোট ৫৩৭ কোটি ১১ লাখ টাকার লেনদেন হয়েছে, যা আগের দিন লেনদেন হওয়া ৫৪২ কোটি ৯৮ লাখ টাকার চেয়ে ৫ কোটি ৮৮ লাখ টাকা কম।
একই ধারা দেখা গেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)। এক্সচেঞ্জটির সার্বিক সূচক সিএএসপিআই ৪৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪,৬১১ পয়েন্টে। সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৯৫টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৪৯টির, কমেছে ১২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টি প্রতিষ্ঠানের শেয়ার দর। এদিন সিএসইতে মোট লেনদেনের পরিমাণ ছিল ১৭ কোটি ১৩ লাখ টাকা।
ডিএসইতে লেনদেনের শীর্ষে উঠে এসেছে প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড। জানা গেছে, কোম্পানিটির ৩১ কোটি ১৩ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সায়হাম টেক্সটাইলের ২০ কোটি ৯৮ লাখ ১৮ হাজার টাকার। ১৬ কোটি ৯২ লাখ ৮৩ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে এপেক্স ফুডস লিমিটেড।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে— দি এক্মি ল্যাবরেটরিজ, আইপিডিসি ফাইন্যান্স, টেকনো ড্রাগস, মালেক স্পিনিং মিলস্, ইভিন্স টেক্সটাইল, এনভয় টেক্সটাইলস্ এবং ওরিয়ন ইনফিউশন।




