দেড় বছর ধরে কারখানা বন্ধ : বাড়ছে শেয়ার দর

সংগৃহীত ছবি
শেয়ারবাজারে তালিকাভুক্ত ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমসের দুটি কারখানার মধ্যে প্রায় দেড় বছর ধরে নরসিংদীরটি বন্ধ। এছাড়া আরেকটি কারখানা চালু থাকলেও সেটির ব্যবসায় রয়েছে ধারাবাহিক মন্দা। যা কোম্পানিটিকে নিয়ে গেছে লোকসানে। তারপরেও সম্প্রতি বাড়ছে কোম্পানির শেয়ার দর। তবে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তদন্তে এই উত্থানের খুঁজে পাওয়া যায়নি কোনো যৌক্তিক কারণ।
জানা গেছে, ২০২৪ সালের ১৯ সেপ্টেম্বর ডমিনেজ স্টিলের নরসিংদীর কারখানা পরিদর্শনে যায় ডিএসইর একটি পরিদর্শক দল। তারা সরেজমিনে বন্ধ পায় ওই কারখানাটি। এরপরে ১ বছর ৭ মাস পার হয়ে গেলেও ওই কারখানাটি চালু করতে পারেনি কোম্পানি কর্তৃপক্ষ। যা ডিএসইর ওয়েবসাইটে নিয়মিত জানানো হয় বিনিয়োগকারীদের।
কোম্পানিটির কারখানা বন্ধে ব্যবসায় পড়েছে নেতিবাচক প্রভাব। চলতি অর্থবছর পার করছে লোকসানের মধ্য দিয়ে। এরইমধ্যে ৬ মাসে (জুলাই-ডিসেম্বর ২০২৫) শেয়ারপ্রতি লোকসান হয়েছে ০.০৯ টাকা। এ হিসাবে ওই সময়ে নিট লোকসান হয়েছে ৯২ লাখ টাকা।
এ পরিস্থিতির মধ্যেও ডমিনেজ স্টিলের শেয়ার দর সম্প্রতি বেড়েছে। দেখা গেছে, গত ২৮ জানুয়ারি ডমিনেজ স্টিলের শেয়ার দর ছিল ২৬.০০ টাকায়। যা ৯ এপ্রিল লেনদেন শেষে দাঁড়িয়েছে ৫০.০০ টাকায়। অর্থাৎ আড়াই মাসের ব্যবধানে শেয়ারটির দর বেড়েছে ২৪.০০ টাকা বা ৮৬ শতাংশ।
ডমিনেজ স্টিলের এই দর বৃদ্ধি নিয়ে তদন্ত করে ডিএসই কর্তৃপক্ষ। তারা কোম্পানি কর্তৃপক্ষের কাছে জানতে চায় দর বৃদ্ধির কারণের ব্যাখ্যা। এর আলোকে কোম্পানির পক্ষ থেকে সম্প্রতি জানানো হয়েছে, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই বাড়ছে তাদের কোম্পানির শেয়ার দর।
এ কারনে কোম্পানিটিতে বিনিয়োগের আগে বিনিয়োগকারীদের সচেতন হওয়ার লক্ষ্যে গত ৯ এপ্রিল সচেতনতামূলক তথ্য প্রকাশ করেছে ডিএসই কর্তৃপক্ষ। এতে জানানো হয়েছে কোম্পানির শেয়ার দর বৃদ্ধির মতো নেই কোনো যৌক্তিক কারণ।
















