প্রতিবন্ধীদের কর্মসংস্থানে ব্র্যাক ব্যাংক-বিবিডিএনের অঙ্গীকার

প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে নিয়োগ ও ইন্টার্নশিপের প্রতিশ্রুতি দিয়েছে দেশের কয়েকটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও উন্নয়ন সহযোগীদের একত্র করে ব্র্যাক ব্যাংক ও বাংলাদেশ বিজনেস অ্যান্ড ডিজঅ্যাবিলিটি নেটওয়ার্ক (বিবিডিএন) এ উদ্যোগ নিয়েছে। সম্প্রতি ব্র্যাক ব্যাংকের সিএসআর উদ্যোগ ‘অপরাজেয় আমি’-এর আওতায় আয়োজিত সম্মেলনে এসব অঙ্গীকার ঘোষণা করা হয়। সম্মেলনে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনন বিশেষ অতিথি ছিলেন। এ ছাড়া ব্র্যাক ব্যাংকের চিফ কমিউনিকেশনস অফিসার ইকরাম কবীর, বিবিডিএনের সিইও মুর্তজা রাফি খান এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। সম্মেলনে ব্র্যাক ব্যাংক প্রতি বছর অন্তত পাঁচজন প্রতিবন্ধী নিয়োগের ঘোষণা দেয়। এ ছাড়া উর্মি গ্রুপ, লো মেরিডিয়েন, বার্জার পেইন্টস ও ইস্পাহানি লিমিটেড প্রতিবন্ধীদের জন্য অন্তর্ভুক্তিমূলক কর্মপরিবেশ তৈরি এবং নিয়োগের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।



