একদিন কমানোর পর ফের বাড়ল স্বর্ণের দাম

ফাইল ছবি
আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। একদিন কমানোর পর এবার ভরিতে বাড়ানো হয়েছে ১ হাজার ৫০ টাকা।
আজ বৃহস্পতিবার সকাল ৯টায় অনুষ্ঠিত বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় নতুন দাম নির্ধারণ করা হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের হলমার্ক করা প্রতি গ্রাম স্বর্ণের দাম ১৬ হাজার ৯৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। সেই হিসাবে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৯৭ হাজার ৮৮০ টাকা।
বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১৬ হাজার ২০৫ টাকা। ১৮ ক্যারেটের প্রতি গ্রাম ১৩ হাজার ৯২০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি গ্রাম স্বর্ণের দাম ১১ হাজার ৩৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
সেই হিসাবে ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৮৯ হাজার ৯৯৬ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৬৩ হাজার ১৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৩৩ হাজার ২১৮ টাকা।
এর আগে গতকাল বুধবার ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৮৫৮ টাকা কমিয়েছিল বাজুস।
এদিন নতুন দাম নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৯৬ হাজার ৮৩০ টাকা। তার আগের দিন মঙ্গলবার একই মানের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৫৭৫ টাকা বাড়ানো হয়েছিল। এতে দাম দাঁড়িয়েছিল ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা।
এ ছাড়া সোমবার ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ৩ হাজার ১৪৯ টাকা বাড়ানো হয়েছিল। এর আগে রবিবার (২২ নভেম্বর) দাম কমানো হয়েছিল ৬ হাজার ১৮১ টাকা। অর্থাৎ কয়েক দিনের ব্যবধানে স্বর্ণের বাজারে একাধিকবার দাম সমন্বয় করেছে বাজুস।
রুপার নতুন দাম
স্বর্ণের পাশাপাশি রুপার দামও নির্ধারণ করেছে বাজুস। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের হলমার্ক করা প্রতি গ্রাম রুপার দাম ২৬০ টাকা। ২১ ক্যারেটের প্রতি গ্রাম ২৫০ টাকা, ১৮ ক্যারেটের ২১৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি গ্রাম রুপার দাম ১৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে।



