প্রণোদনার উৎসে কর দ্বিগুণ হচ্ছে

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে রপ্তানিতে নগদ প্রণোদনার ওপর বিদ্যমান উৎসে কর ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করার পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। প্রস্তাবটি বাস্তবায়িত হলে সরকারের রাজস্ব আদায় উল্লেখযোগ্যভাবে বাড়বে। বর্তমানে ২০২৫–২৬ অর্থবছরে পাটসহ বিভিন্ন খাতে রপ্তানি প্রণোদনার জন্য সরকার ৯ হাজার ২৫ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। প্রণোদনার হার অপরিবর্তিত থাকলে উৎসে কর দ্বিগুণ করার মাধ্যমে অতিরিক্ত প্রায় ৯০০ কোটি টাকা রাজস্ব আদায় সম্ভব বলে মনে করে এনবিআর।
তবে এনবিআরের এই উদ্যোগকে ‘হতাশাজনক’ বলছেন রপ্তানিকারকরা। তারা প্রণোদনার ওপর বিদ্যমান ১০ শতাংশ উৎসে কর প্রত্যাহারের দাবি জানিয়ে আসছেন দীর্ঘদিন ধরে। বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সিনিয়র সহ-সভাপতি ইনামুল হক খান আগামীর সময়কে বলেছেন, ‘এটি অত্যন্ত হতাশাজনক। আমরা দীর্ঘদিন ধরে প্রণোদনার ওপর থাকা ১০ শতাংশ উৎসে কর প্রত্যাহারের দাবি জানিয়ে আসছি। কিন্তু সরকার তা না করে উল্টো বাড়ানোর চিন্তা করছে।’




