রিটেইল আমানতে ব্র্যাক ব্যাংকের নতুন মাইলফলক

সংগৃহীত ছবি
প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তিতে রিটেইল আমানতে ৫০ হাজার কোটি টাকার ঐতিহাসিক মাইলফলক অতিক্রম করেছে ব্র্যাক ব্যাংক। গত ৩০ জুন পর্যন্ত ব্যাংকটির রিটেইল আমানত দাঁড়িয়েছে ৫০ হাজার ৩২৪ কোটি টাকা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ব্র্যাক ব্যাংক।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত চার বছরে ব্যাংকটির এই আমানত প্রায় তিন গুণ বেড়েছে। ২০২২ সালের জুনে যার পরিমাণ ছিল ১৭ হাজার ৫১৪ কোটি টাকা। এ ছাড়া, গত এক বছরেই এ খাতে প্রবৃদ্ধি হয়েছে ৩৮ শতাংশ। মূলত দেশব্যাপী বিস্তৃত শাখা, সাব-ব্রাঞ্চ, রিটেইল সেলস এবং এজেন্ট ব্যাংকিং নেটওয়ার্কের কার্যকর ভূমিকাতেই এ অভাবনীয় সাফল্য এসেছে।
ব্র্যাক ব্যাংকের ডিএমডি ও হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম বলেছেন, ‘গ্রাহকদের অবিচল আস্থা এবং সহকর্মীদের নিরলস প্রচেষ্টাই আমাদের এ সাফল্যের মূল ভিত্তি। এটি ডিজিটাল ব্যাংকিং সম্প্রসারণ এবং বেশি মানুষের কাছে সেবা পৌঁছে দেওয়ারই প্রতিফলন।’
আধুনিক ডিজিটাল ব্যাংকিং, উদ্ভাবনী পণ্য ও গ্রাহককেন্দ্রিক সেবার মাধ্যমে দেশের আর্থিক অন্তর্ভুক্তি ও টেকসই প্রবৃদ্ধি নিশ্চিতে ব্র্যাক ব্যাংক তাদের প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করে যাচ্ছে।




