বাণিজ্য মন্ত্রণালয়ে বৈঠক
ব্যবসা সহজে অপ্রয়োজনীয় ধাপ কমানোর উদ্যোগ

গ্রাফিকস: আগামীর সময়
দেশে ব্যবসা শুরু ও পরিচালনার প্রক্রিয়ায় অপ্রয়োজনীয় ধাপ এবং দীর্ঘসূত্রতা কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে ব্যবসা নিবন্ধন, বিভিন্ন অনুমোদন ও সরকারি সেবা পাওয়ার প্রক্রিয়া সহজ এবং দ্রুত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ব্যবসাপ্রক্রিয়া সহজীকরণ নিয়ে আয়োজিত এক বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বৈঠকে যৌথ মূলধনি কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তর (আরজেএসসি) এবং বিনিয়োগ বাংলাদেশ কর্তৃপক্ষের (আইবিএ) কর্মকর্তারা অংশ নেন।
বৈঠকে ব্যবসা নিবন্ধন, প্রয়োজনীয় অনুমোদন এবং সংশ্লিষ্ট সরকারি সেবা গ্রহণের বিদ্যমান প্রক্রিয়া পর্যালোচনা করা হয়। এসব প্রক্রিয়ায় অপ্রয়োজনীয় ধাপ ও সময় কমিয়ে উদ্যোক্তা এবং বিনিয়োগকারীদের দ্রুত সেবা দেওয়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
বাণিজ্যমন্ত্রী বলেছেন, ব্যবসা পরিচালনার ক্ষেত্রে অপ্রয়োজনীয় প্রশাসনিক জটিলতা ও দীর্ঘসূত্রতা কমানো গেলে নতুন উদ্যোক্তা তৈরি এবং দেশি-বিদেশি বিনিয়োগ উৎসাহিত হবে। এজন্য সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়াতে হবে। তিনি আরও বললেন, ব্যবসা ও বিনিয়োগসংক্রান্ত সেবাগুলো ধাপে ধাপে ডিজিটাল এবং সমন্বিত ব্যবস্থার আওতায় আনতে হবে। একই সঙ্গে সেবা দেওয়ার ক্ষেত্রে স্বচ্ছতা, গতিশীলতা ও জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন।
বৈঠকে ব্যবসাপ্রক্রিয়া সহজীকরণে সংশ্লিষ্ট সংস্থাগুলোর বর্তমান কার্যক্রম, বিদ্যমান প্রতিবন্ধকতা এবং সেবাব্যবস্থার উন্নয়নে করণীয় নিয়েও আলোচনা হয়।
বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়, বিজনেস বাংলাদেশ ও সংশ্লিষ্ট সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



