২১০ প্রকল্প অপ্রয়োজনীয়

গ্রাফিকস: আগামীর সময়
উন্নয়ন প্রকল্পে কঠোর নজরদারি করছে বর্তমান সরকার। এর অংশ হিসেবে রিস্কোপিং ও রিপারপাসিং উদ্যোগ নেওয়া হয়। এতে চলমান ও নতুন মিলে ২ হাজার ৩৭২টি উন্নয়ন প্রকল্পের মধ্যে অপ্রয়োজনীয় হিসেবে চিহ্নিত হয়েছে ২১০টি উন্নয়ন প্রকল্প। এর মধ্যে চলমান প্রকল্প রয়েছে ২৫ এবং নতুন (সবুজ পাতায় অন্তর্ভুক্ত) রয়েছে ১৮৫টি প্রকল্প। এসব প্রকল্প বাতিল করা হবে বলে জানা গেছে। গত ৩১ অক্টোবর অনুষ্ঠিত এ-সংক্রান্ত এক বৈঠকে এসব বিষয় তুলে ধরা হয়েছে। রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনা বিভাগের নাজিয়া-সালমা হলরুমে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহুমুদ তিতুমীর। এ সময় অর্থ বিভাগের সচিবও উপস্থিত ছিলেন। গত ১০ নভেম্বর জারি করা হয়েছে ওই সভার কার্যবিবরণী। খবর সংশ্লিষ্ট সূত্রের।
পরিকল্পনা বিভাগের সচিব এস এম শাকিল আকতার জানালেন, সরকারের গৃহীত পরিকল্পনাকে সামনে রেখে জাতীয় বাজেটের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে এডিপি বা আরএডিপি প্রণয়ন করা হয়। চলতি ২০২৬-২৭ অর্থবছরের এডিপিতে অন্তর্ভুক্ত চলমান প্রকল্প রয়েছে ১ হাজার ১০৭টি, অননুমোদিত নতুন প্রকল্প (সবুজ পাতা) ১ হাজার ২৬৫টি। এক্ষেত্রে সর্বমোট প্রকল্প দাঁড়ায় ২ হাজার ৩৭২টি। রিস্কোপিং ও রিপারপাসিংয়ের জন্য গঠিত কমিটির প্রতিবেদন থেকে জানা যায়, রিস্কোপিং ও রিপারপাসিং (প্রকল্পের পরিধি, লক্ষ্য, বাজেট বা সময়সীমা নতুন করে নির্ধারণ বা পুনর্গঠন) হবে— এমন প্রকল্প বাছাই করা হয়েছে ৪৩৬টি। এর মধ্যে চলমান ১৫৯ এবং নতুন প্রকল্প রয়েছে ২৭৭টি। এ ছাড়া ২০২৭ সালের জুনের মধ্যে শেষ হবে, এমন প্রকল্প রয়েছে ২৭০টি। সেই সঙ্গে প্রকল্প কমবে ২১০টি। এর মধ্যে চলমান ২৫ এবং নতুন ১৮৫টি প্রকল্প রয়েছে।
তিনি আরও জানালেন, সরকারের নির্বাচনী ইশতেহার ও উন্নয়ন পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে চলমান ও অননুমোদিত নতুন প্রকল্পগুলো কিছু প্রোগ্রামের আওতায় ক্লাস্টারভিত্তিক বিন্যস্ত করতে হবে বলে এরই মধ্যে নির্দেশনা জারি করা হয়েছে।
পরিকল্পনা কমিশন সূত্র জানায়, রিস্কোপিং ও রিপারপাসিং-সংক্রান্ত সভায় পরিকল্পনা কমিশনের কৃষি, পানিসম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের প্রধান (অতিরিক্ত সচিব) মো. কামাল আতাহার জানালেন, এ বিভাগের মোট ৬৩৩টি প্রকল্পের মধ্যে ১২০টি প্রকল্প রিস্কোপিং এবং রিপারপাসিং করা হয়েছে। এ ছাড়া আগামী ২০২৭ সালের জুনের মধ্যে সম্ভাব্য সমাপ্তের জন্য নির্ধারিত রয়েছে ৭৯টি প্রকল্প। এ ছাড়া বাদ যাচ্ছে ৫৫টি উন্নয়ন প্রকল্প।
ভৌত অবকাঠামো বিভাগের অতিরিক্ত সচিব সভায় অবহিত করেন, এ বিভাগের মোট ৯৩১টি প্রকল্পের মধ্যে ১১০টি প্রকল্প রিস্কোপিং ও রিপারপাসিং করা হয়েছে। ২০২৭ সালের জুনের মধ্যে শেষ করা হবে ৯৯টি প্রকল্প। এ ছাড়া বাদ যাচ্ছে ৬৩টি উন্নয়ন প্রকল্প।
রিস্কোপিং ও রিপারপাসিং-সংক্রান্ত সভায় আরও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এগুলোর মধ্যে অন্যতম হলো— বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে বিভিন্ন মন্ত্রণালয় বা বিভাগ বেশ কিছু ফ্ল্যাগশিপ প্রকল্প গ্রহণ করেছে বা গ্রহণের প্রস্তুতি নিয়েছে। সে বিষয়ে ২০২৬-২৭ অর্থবছরের এডিপিতে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত ১৫টি মন্ত্রণালয় ও বিভাগকে পরবর্তী সভায় উপস্থাপন করতে হবে। এই সিদ্ধান্ত বাস্তবায়নকারী হিসেবে কাজ করবেন সচিব বা সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ এবং পরিকল্পনা কমিশনের সংশ্লিষ্ট সদস্য ও সংশ্লিষ্ট সেক্টর বিভাগ।
সভায় আরও বলা হয়েছে, ২০২৬-২৭ অর্থবছরের সংশোধিত বাজেট চূড়ান্ত করতে ২০২৬-২৭ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (আরএডিপি) সম্ভাব্য ব্যয় নির্ধারণ করা প্রয়োজন। এ বিষয়ে চলতি অর্থবছরের এডিপিতে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত ১৫টি মন্ত্রণালয় বা বিভাগ পরবর্তী সভায় এ বিষয়ে বিস্তারিত কর্মপরিকল্পনাসহ উপস্থাপন করবে।
আরও বলা হয়েছে, রিস্কোপিং বা রিপারপাসিং করা এবং চলমান ও নতুন প্রকল্পগুলো সুনির্দিষ্ট প্রোগ্রামের আওতায় গুচ্ছাকারে গ্রহণ করতে হবে। পাশাপাশি কাঙ্ক্ষিত জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জনের জন্য চলতি অর্থবছরের এডিপিতে বরাদ্দ দেওয়া অর্থের যথাযথ ও সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে পরিচালন বাজেটের ব্যয় কমাতে হবে।



