অংশ নিচ্ছে ১৬১ দেশি-বিদেশি প্রতিষ্ঠান
- গ্লোবাল সোর্সিং এক্সপো শুরু আজ

সংগৃহীত ছবি
বিশ্ববাজারে দেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণ এবং নির্দিষ্ট বাজারের ওপর একক নির্ভরশীলতা কাটিয়ে ওঠার লক্ষ্যে আজ থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো ২০২৬ ঢাকা’। বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) যৌথ উদ্যোগে পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে দ্বিতীয়বারের মতো এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। এবারের আয়োজনে ১২টি খাতের ১৬১টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে, যাদের জন্য থাকছে ২৪০টি স্টল।
গতকাল শনিবার ইপিবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মেলার প্রস্তুতি তুলে ধরেন ইপিবির ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ। এ সময় ইপিবির মহাপরিচালক মোহাম্মদ শাফাওয়াত উল্লাহ ও মো. রুহুল আমিন উপস্থিত ছিলেন।
মোহাম্মদ হাসান আরিফ বলেছেন, বৈশ্বিক সাপ্লাই চেইন ও জ্বালানি সংকটের মধ্যেও চলতি অর্থবছরের প্রথম চার মাসে দেশের রপ্তানি প্রবৃদ্ধি প্রায় ৬ শতাংশ। নতুন সরকারের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক নীতি ও বিশ্বের সঙ্গে সুসম্পর্ক স্থাপনের কারণে বিদেশি ক্রেতাদের আস্থা তৈরি হচ্ছে। এ ছাড়া এলডিসি উত্তরণের সময়সীমা তিন বছর পেছানোয় রপ্তানি খাত প্রস্তুতি নেওয়ার বাড়তি সময় পেয়েছে।
তিনি জানালেন, দেশের মোট রপ্তানির ৮১ শতাংশই তৈরি পোশাক নির্ভর এবং ৪৪ শতাংশই যায় ইউরোপিয়ান ইউনিয়নে। এই বৈচিত্র্যহীনতা কাটাতে গতবারের আটটি খাতের সঙ্গে নতুন চারটি খাত যুক্ত করা হয়েছে। এবারের এক্সপোতে অংশ নেওয়া ১২টি খাত হলো অ্যাপারেলস ও টেক্সটাইলস, চামড়া ও চামড়াজাত পণ্য, পাটজাত ও হস্তশিল্প, কৃষিপণ্য, প্লাস্টিক ও কিচেনওয়্যার, ফার্নিচার ও হোমডেকর, ফার্মাসিউটিক্যাল, আইসিটি, পেপার ও প্যাকেজিং, অটোমোবাইল ও বাইসাইকেল, লাইট ইঞ্জিনিয়ারিং এবং সিরামিকস ও টেবিলওয়্যার।
মেলায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, স্পেন, চীন, জাপান, সংযুক্ত আরব আমিরাত, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, আর্জেন্টিনাসহ বিভিন্ন দেশ থেকে ক্রেতা ও সোর্সিং প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। বহুজাতিক কোম্পানির উপস্থিতিতে দেশের উৎপাদকদের জন্য নতুন সুযোগ সৃষ্টি হবে। পণ্য প্রদর্শনের পাশাপাশি মেলায় থাকছে চারটি বিশেষ সেমিনার, বিটুবি মিটিং, নেটওয়ার্কিং ডিনার ও ফ্যাশন শো।



