নিউজিল্যান্ড সিরিজেও নেই সাকিব, কী বলছেন হাবিবুল?

সাকিবের জাতীয় দলে ফেরার অপেক্ষা বাড়ছে।
পাকিস্তান সিরিজ গত হয়েছে, নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণাও হলো। কিন্তু সাকিব আল হাসানের নামটি নেই। দেশের মাটিতে পূর্ণ সিরিজ খেলে সাকিবের অবসর ভাবনা এখনও ঝুলে আছে। অবশ্য বিসিবির নতুন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সাকিবকে এক সিরিজ নয়, পেতে চান লম্বা সময়ের জন্য।
সদ্য ভেঙে যাওয় আমিনুল ইসলামের বোর্ড সাকিবকে ফেরানোর উদ্যোগ নিয়েছিল। সরকারের সঙ্গে এ বিষয়ে যোগাযোগও করা হয়। কিন্তু সাকিবের ফেরার প্রক্রিয়া ঝুলে আছে এখনও। বর্তমান বোর্ডের অধীনে প্রক্রিয়া সহজ হবে কিনা তা সময়ই বলে দিবে। বর্তমান নির্বাচকরা অবশ্য সাকিবকে চাইছেন। সাকিবের সঙ্গে কথাও হয়েছে হাবিবুল বাশারের।
বাংলাদেশ অলরাউন্ডার আন্তর্জাতিক ম্যাচ খেলার মতো প্রস্তুত আছেন কিনা সে বিষয়ে আজ হাবিবুল বলেন, ‘আমার সাথে একবার কথা হয়েছে। জিজ্ঞেস করেছিলাম প্রস্তুত আছে কিনা, যেহেতু ও যেখানে আছে সেখানে নিয়মিত ক্রিকেট হয় না বা ট্রেনিংয়ের পর্যাপ্ত সুযোগ নেই। ফিটনেস নিয়ে কাজ হতে পারে তবে ক্রিকেট নিয়মিত হয় না। যদিও ও ক্রিকেট খেলছে। এসব নিয়েই বেশি কথা বলেছি।’
সাকিবকে নিয়ে নির্বাচকদের ভাবনাটা ২০২৭ বিশ্বকাপ কেন্দ্র করে। যদিও দলে ফিরতে হলে আগে সাকিবের দেশে ফেরা চাই। সেই প্রক্রিয়া ভিন্ন বিষয়, সেসব না ভেবে হাবিবুল বাশার চাইছেন যেন সাকিবকে পাওয়া যায় লম্বা সময়ের জন্য।
মিরপুরে দল ঘোষণার পর সংবাদ সম্মেলনে জাতীয় দলের সাবেক এই অধিনায়ক জানিয়েছেন, ‘ওর থাকা না থাকা তো পরের বিষয়। যদি চাই অবশ্যই লম্বা সময়ের জন্য। সব যদি ঠিকঠাক থাকে তাকে লম্বা সময়ের জন্যই চাই। আলাপ এটাই হয়েছে যে সে কতখানি প্রস্তুত। আন্তর্জাতিক ক্রিকেটে অনেক কিছু লাগে, প্রস্তুতি খুব গুরুত্বপূর্ণ।’
দল গোছানোয় নির্বাচকদের মূল লক্ষ্য এখন ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ। বোর্ডও চাইছে আগামী ৬-৭ মাসের মধ্যেই বিশ্বকাপের দল থিতু করতে।
















