লক্ষ্মীপুরে সুপারি গাছে উঠতে রাজি না হওয়ায় শিশুকে ছুরি মেরে হত্যা

লক্ষ্মীপুরে সুপারি গাছে উঠতে রাজি না হওয়ায় এক শিশুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে পলাতক আছেন অভিযুক্ত।
আজ শনিবার সন্ধ্যা ৬টার দিকে ঘটনাটি ঘটে সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চররুহিতা এলাকায়।
নিহত শিশুটির রিয়াদ হোসেন (১২)। রিয়াদ চররুহিতা এলাকার সিএনজিচালিত অটোরিকশাচালক শাহেদ হোসেনের ছেলে। অভিযুক্ত রুবেল হোসেন একই এলাকার দিনমজুর মো. মিলনের ছেলে।
স্থানীয়রা জানায়, রিয়াদকে সুপারি গাছে উঠতে বলেন রুবেল। রিয়াদ গাছে উঠতে রাজি না হলে রুবেল ক্ষিপ্ত হয়ে তাকে ছুরিকাঘাত করেন বলে অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় রিয়াদকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই রুবেল পালিয়ে যান। তাকে আটকের জন্য স্থানীয়রা খোঁজ করছেন।
চররুহিতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন সুমন জানিয়েছেন, সুপারি গাছে না ওঠায় রুবেল রিয়াদকে ছুরিকাঘাত করেন। এতে রিয়াদের মৃত্যু হয়। রুবেল পলাতক রয়েছেন। তাকে আটকের চেষ্টা চলছে। রুবেল মাদক সেবনের সঙ্গে জড়িত।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।








