মিঠামইন হাওরে মাছ ধরা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০

মিঠামইনে হাওরে মাছ ধরা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ। ছবি: আগামীর সময়
কিশোরগঞ্জের মিঠামইনে হাওরে মাছ ধরা ও রিং জাল চুরিকে কেন্দ্র করে বর্তমান ও সাবেক ইউপি সদস্যের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
আজ শুক্রবার সকালে ঘটনাটি ঘটে উপজেলার বৈরাটি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইমামনগর গ্রামে।
স্থানীয়রা জানিয়েছে, হাওরে মাছ ধরা ও রিং জাল চুরির অভিযোগকে কেন্দ্র করে ইমামনগর গ্রামের বর্তমান ইউপি সদস্য হান্নান মিয়া ও সাবেক ইউপি সদস্য আবদুল লতিফের স্বজনদের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। এ বিরোধ মীমাংসার জন্য আজ সকালে বৈরাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা গ্রামটিতে সালিশের উদ্যোগ নেন।
তবে সালিশের আলোচনা শুরুর আগেই গ্রামের সামনের একটি মাঠে দুপক্ষের লোকজন দা, বল্লম ও টেঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হন। স্থানীয় ব্যক্তিরা জানিয়েছেন, আহত ব্যক্তিদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।
বৈরাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম জানিয়েছেন, দুপক্ষের বিরোধ মীমাংসার জন্য তিনি ইমামনগর গ্রামে সালিশে বসতে যান। সেখানে গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে আলোচনা শুরুর আগেই দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে সবার সম্মিলিত প্রচেষ্টায় সংঘর্ষ থামানো হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
অষ্টগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. দিদারুল ইসলাম জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।




