বিয়ারিং প্যাডে ত্রুটি, দাউদকান্দির চট্টগ্রামমুখী সেতু বন্ধ

কুমিল্লার দাউদকান্দিতে মেঘনা-গোমতী নদীর ওপর চট্টগ্রামমুখী সেতুটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ছবি: আগামীর সময়
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে মেঘনা-গোমতী নদীর ওপর চট্টগ্রামমুখী সেতুর বিয়ারিং প্যাডে ত্রুটি দেখা দেওয়ায় সেটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর।
গতকাল রবিবার বিকাল ৫টা থেকে সেতুটিতে যান চলাচল বন্ধ আছে। বিকল্প হিসেবে পাশের নতুন সেতু দিয়ে ঢাকা ও চট্টগ্রামমুখী উভয় দিকের যানবাহন চলাচলের ব্যবস্থা করা হয়েছে।
সেতুটি মেরামতের প্রয়োজনীয়তা ও সময় নির্ধারণে আজ সোমবার একটি বিশেষজ্ঞ দল পরিদর্শন করবে। তাদের পর্যবেক্ষণের পর মেরামতের সম্ভাব্য সময় সম্পর্কে সিদ্ধান্ত জানানো হবে।
দাউদকান্দি টোলপ্লাজা ও সেতুর রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম আজ সকালে সেতু বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, চট্টগ্রামমুখী সেতুর কুমিল্লা অংশের বিয়ারিং প্যাডে অতিরিক্ত কম্পন দেখা দিয়েছে। এ কারণে রোববার বিকেল ৫টা থেকে সেতুটিতে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। সোমবার বিশেষজ্ঞ দল সেতুটি পরিদর্শন করবে। তাদের পর্যবেক্ষণের পর মেরামতে কত দিন সময় লাগবে, তা জানা যাবে। এ সময়ে পাশের ঢাকা-চট্টগ্রামমুখী নতুন দুই লেনের সেতু দিয়ে উভয়মুখী যান চলাচল করবে।
দাউদকান্দি টোলপ্লাজার ব্যবসায়ী শাহবুদ্দিন জানান, পুরোনো সেতু দিয়ে চট্টগ্রামমুখী এবং নতুন দুই লেনের সেতু দিয়ে ঢাকামুখী যানবাহন চলাচল করত। পুরোনো সেতুটি এর আগেও কয়েকবার মেরামতের জন্য বন্ধ রাখা হয়েছিল। তখন নতুন সেতু দিয়ে উভয়মুখী যান চলাচল করেছে। তবে এবারও একটি সেতু বন্ধ থাকায় নতুন সেতুতে যানবাহনের চাপ বাড়তে পারে। এতে মহাসড়কে যানজট সৃষ্টির আশঙ্কা আছে। তাই যান চলাচল স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে।
হাইওয়ে পুলিশের কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার মো. মনজুর মোরশেদ জানিয়েছেন, মেঘনা-গোমতী সেতুর চট্টগ্রামমুখী অংশে ত্রুটি দেখা দেওয়ায় সেটি মেরামতের জন্য বন্ধ রাখা হয়েছে। পাশের নতুন সেতু দিয়ে ঢাকা ও চট্টগ্রামমুখী যানবাহন চলাচল করবে। এ জন্য হাইওয়ে পুলিশ প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে।




