গোপালগঞ্জে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি, কাটেনি আতঙ্ক

গোপালগঞ্জে খুলেছে অধিকাংশ দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান। ছবি: আগামীর সময়
ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে গোপালগঞ্জের পরিস্থিতি। আজ মঙ্গলবার সকাল থেকে শহরের সড়কে মানুষের উপস্থিতি ও যানবাহন চলাচল বেড়েছে। খুলেছে অধিকাংশ দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান। শিক্ষাপ্রতিষ্ঠানও খোলা আছে। তবে গত রবিবারের সহিংসতা ও নাশকতার ঘটনার পর পরিস্থিতির উন্নতি হলেও সাধারণ মানুষের মধ্যে এখনো আতঙ্ক কাটেনি।
আজ জেলার কোথাও নতুন করে সহিংসতা বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরজুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা। গুরুত্বপূর্ণ মোড় ও সড়কে পুলিশ সদস্যদের পাশাপাশি টহল দিচ্ছেন বিজিবি ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির ১০ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। এ ছাড়া প্রায় দুই হাজার পুলিশ সদস্য, এসআরবি, এপিবিএন ও আনসারের ১০ প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন।
গত রবিবারের সহিংসতার পর সোমবার ভোর থেকেই প্রয়োজনীয় কাজে ঘর থেকে বের হতে শুরু করেন সাধারণ মানুষ। আজ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শহরের সড়কে মানুষের উপস্থিতি আরও বাড়ে। রিকশা, ভ্যানসহ বিভিন্ন যানবাহন চলাচল করছে। শিক্ষার্থীরাও নিজ নিজ গন্তব্যে যাতায়াত করছে। এতে শহরের বিভিন্ন এলাকায় ধীরে ধীরে কর্মচাঞ্চল্য ফিরছে। তবে মানুষের চলাফেরায় এখনো সতর্কতা লক্ষ করা যাচ্ছে।
যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ও নাশকতা ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পুলিশ মোতায়েনের পাশাপাশি বিভিন্ন সড়কে চলছে টহল। গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তায়ও বিশেষ নজরদারি রাখা হয়েছে।
এর আগে, গত রবিবার সকাল থেকে রাত পর্যন্ত গোপালগঞ্জের বিভিন্ন স্থানে সহিংসতা, নাশকতা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ উঠেছে। দিনভর এসব ঘটনায় বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়। ব্যাহত হয় স্বাভাবিক জীবনযাত্রা।
এ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে প্রশাসনিক পর্যায়েও পরিবর্তন আনা হয়েছে। গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান ও পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে বদলি করা হয়েছে। এ ছাড়া জেলার তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও (ওসি) বদলি করা হয়েছে।
সব মিলিয়ে মঙ্গলবার গোপালগঞ্জের পরিস্থিতি আগের দিনের তুলনায় অনেকটাই শান্ত। তবে নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষের উদ্বেগ এখনো কাটেনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বয়ে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে। এ জন্য ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও চিত্র সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।
দায়িত্ব পালনের সময় কোনো অবস্থাতেই মারণাস্ত্র বা তাজা গুলি ব্যবহার করবেন না আনসার। শব্দ, বাঁশি ও নিজেদের উপস্থিতিসহ বিভিন্ন কৌশল প্রয়োগ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করবেন।
আজ বেলা ১১টায় গোপালগঞ্জের বেদগ্রামে ২৩ আনসার ব্যাটালিয়নের সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক মো. আসাদুজ্জামান গনী।
তিনি জানান, জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় জেলা প্রশাসনের সমন্বয় সভায় বিভিন্ন বাহিনীর দায়িত্বপূর্ণ এলাকা ভাগ করে দেওয়া হয়েছে। পুলিশ, বিজিবি, এসআরবিসহ অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করবেন আনসার সদস্যরা।




