গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি, ৮ প্লাটুন আনসার মোতায়েন

গোপালগঞ্জের বেদগ্রামে ২৩ আনসার ব্যাটালিয়নের সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন বাহিনীর ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক মো. আসাদুজ্জামান গনী। ছবি: আগামীর সময়
গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার গুরুত্বপূর্ণ এলাকায় ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ৮ প্লাটুন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে বিজিবির সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, মোতায়েন করা বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বয়ে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে। এ জন্য ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও চিত্র সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।
এদিকে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে গোপালগঞ্জে ৮ প্লাটুন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। দায়িত্ব পালনের সময় কোনো অবস্থাতেই মারণাস্ত্র বা তাজা গুলি ব্যবহার করবেন না তারা। শব্দ, বাঁশি ও নিজেদের উপস্থিতিসহ বিভিন্ন কৌশল প্রয়োগ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করবেন।
আজ বেলা ১১টায় গোপালগঞ্জের বেদগ্রামে ২৩ আনসার ব্যাটালিয়নের সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক মো. আসাদুজ্জামান গনী।
তিনি জানান, জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় জেলা প্রশাসনের সমন্বয় সভায় বিভিন্ন বাহিনীর দায়িত্বপূর্ণ এলাকা ভাগ করে দেওয়া হয়েছে। পুলিশ, বিজিবি, এসআরবিসহ অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করবেন আনসার সদস্যরা।
উপমহাপরিচালক আরও জানান, গোপালগঞ্জ সদর ও টুঙ্গিপাড়া এলাকায় যৌথ টহল পরিচালনা করবেন আনসার সদস্যরা। গোপালগঞ্জ সদরে বিজিবির সঙ্গে এবং টুঙ্গিপাড়ায় এসআরবির সঙ্গে সমন্বয় করে টহল ও অভিযান চালানো হবে। এ ছাড়া একটি প্লাটুন বিশ্ববিদ্যালয় এলাকায় এবং আরেকটি প্লাটুন বিসিক কার্যালয় ও আশপাশের এলাকায় স্থায়ী নিরাপত্তার দায়িত্ব পালন করবে। প্রয়োজনে তারাও টহল দেবে।
সড়ক অবরোধ, যানবাহনে অগ্নিসংযোগ কিংবা জানমালের ক্ষতিসাধনের ঘটনা ঘটলে যথাসম্ভব কম শক্তি প্রয়োগ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হবে বলে জানিয়েছেন মো. আসাদুজ্জামান গনী। তিনি বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেটদের উপস্থিতিতে আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা ও সরকারি নীতিমালা অনুসরণ করেই সব কার্যক্রম পরিচালিত হবে।
আনসার বাহিনীর সক্ষমতার কথা তুলে ধরে তিনি বলেন, ১৯৪৮ সালে প্রতিষ্ঠার পর থেকে দেশের বিভিন্ন সংকটময় মুহূর্তে দায়িত্ব পালন করে আসছে এ বাহিনী। সাম্প্রতিক সময়ে গাজীপুর ও নারায়ণগঞ্জের পোশাকশিল্প এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলায়ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করেছেন। গোপালগঞ্জেও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতে তারা সর্বোচ্চ চেষ্টা করবেন।
এ কার্যক্রম সফল করতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতাও কামনা করেন উপমহাপরিচালক।




