দুই স্কুলের ৮ শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

টেকনাফ উপজেলা শিক্ষা অফিস
কক্সবাজারের টেকনাফে বিদ্যালয়ে অনুপস্থিতি ও দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে দুই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই প্রধান শিক্ষকসহ ৮ শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে।
এর আগে একই অভিযোগে বিদ্যালয় দুটির ১১ শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা আবু নোমান মো. আবদুল্লাহ।
বিভাগীয় মামলার আওতায় আসা শিক্ষকেরা হলেন হোয়াইক্যং ইউনিয়নের হরিখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আকবর সাজ্জাদ এবং লাতুরিখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা আক্তার। তাদের সঙ্গে বিদ্যালয় দুটির আরও ছয় শিক্ষকের বিরুদ্ধে এ মামলা করা হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, গত ৬ সেপ্টেম্বর বিদ্যালয়ে অনুপস্থিত থাকা ও দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে দুই বিদ্যালয়ের ১১ শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তাদের কাছে অভিযোগের বিষয়ে লিখিত ব্যাখ্যাও চাওয়া হয়।
এর আগে বিদ্যালয় দুটিতে শিক্ষক-শিক্ষার্থী অনুপস্থিত থাকা এবং শ্রেণিকক্ষ তালাবদ্ধ থাকার অভিযোগ ওঠে। বিষয়টি জানতে সরেজমিনে বিদ্যালয় দুটি পরিদর্শন করেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী। পরিদর্শনের সময় কোনো শিক্ষক, কর্মচারী কিংবা শিক্ষার্থীকে পাওয়া যায়নি। শ্রেণিকক্ষগুলোও তালাবদ্ধ ছিল। পরে বিষয়টি তদন্ত করে সংশ্লিষ্ট ১১ শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তদন্তে তাদের মধ্যে তিনজনের ছুটিতে থাকার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। ফলে তাদের বাদ দিয়ে দায়িত্বে অবহেলার অভিযোগে দুই প্রধান শিক্ষকসহ বাকি ৮ জনের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম অনীক চৌধুরী বলেছেন, ‘দুই বিদ্যালয়ের শিক্ষকদের কারণ দর্শানোর নোটিশ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তদন্তে যাদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার বিষয়টি প্রমাণিত হয়েছে, তাঁদের বিরুদ্ধে বিধি অনুযায়ী বিভাগীয় মামলা করা হয়েছে।’
উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা আবু নোমান মো. আবদুল্লাহ বললেন, ‘প্রথমে ১১ শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। তদন্তের পর দুই বিদ্যালয়ের দুই প্রধান শিক্ষকসহ ৮ জনের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’



