গজারিয়ায় সংঘর্ষের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭

ছবি: আগামীর সময়
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের চরবলাকী গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গজারিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাব্বির আহমেদ আজ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন। জানালেন, গতকাল সোমবারের সংঘর্ষের ঘটনায় গজারিয়া থানায় একটি মামলা করা হয়েছে। মামলার পর রাতভর চরবলাকী গ্রাম ও ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন চরবলাকী গ্রামের মৃত আবুল হাসেমের ছেলে গিয়াস উদ্দিন (৬৫), মৃত ফজলুল করিমের ছেলে আনোয়ার হোসেন প্রধান (৫০), মাহফুজ প্রধানের ছেলে জাহাঙ্গীর আলম (৩২), শুক্কুর আলীর ছেলে জান্নাত (৩১), টান বলাকী গ্রামের হাজী মাহফুজ মেম্বারের ছেলে মাসুম (৪৫), মনজুর আলম (৪৪) এবং কেরামত আলীর ছেলে মাজহারুল (৫৫)।
ঘটনার পরপরই পুলিশ দ্রুত অভিযান শুরু করে। হোসেন্দী ইউনিয়নের বিভিন্ন এলাকা এবং রাজধানীর সানারপাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গজারিয়া থানার ওসি মো. হাসান আলী জানালেন, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
পুলিশ জানায়, সোমবার দুপুরে চরবলাকী গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় স্থানীয় একটি বিএনপি কার্যালয়ের আসবাবপত্রসহ কয়েকটি বসতবাড়িতে ভাঙচুর চালানো হয়।
সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক বিরোধের অভিযোগ উঠলেও পুলিশ বলছে, এটি মূলত গোষ্ঠীগত বিরোধের জের। সোমবার বিকালে ঘটনাস্থল পরিদর্শন শেষে মুন্সীগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমরান আহম্মেদ জানালেন, প্রাথমিক পর্যবেক্ষণে ঘটনাটি গোষ্ঠীগত বিরোধের ফল বলে প্রতীয়মান হয়েছে।
একই গ্রামে এর আগেও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একাধিকবার সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।







