সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব

সাবেক সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন
দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আগামী ১৪ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হয়ে জবাব দিতে বলা হয়েছে সাবেক এই সেনাপ্রধানকে।
আজ রবিবার এ তথ্য নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।
দুদক পরিচালকের পাঠানো নোটিস সূত্রে জানা গেছে, এস এম শফিউদ্দিন আহমেদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পেয়েছে দুদক। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে শফিউদ্দিনের বক্তব্য শোনা ও গ্রহণ করা ‘একান্ত প্রয়োজন’। সে কারণে তাকে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে নিয়ে দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।
নোটিসের তথ্য অনুযায়ী, শফিউদ্দিনের বিরুদ্ধে এ অভিযোগের অনুসন্ধান প্রক্রিয়া শুরু হয় ২০২৫ সালের ১৪ ডিসেম্বর।
‘এটি এখনো অনুসন্ধান পর্যায়ের অভিযোগ। অনুসন্ধান শেষে সংশ্লিষ্ট দল কমিশনে প্রতিবেদন জমা দেবে। অভিযোগের পক্ষে তথ্যপ্রমাণ পাওয়া গেলে মামলা করার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে কমিশন। অভিযোগের সত্যতা না মিললে অনুসন্ধান নিষ্পত্তিও হতে পারে’—জানালেন দুদকের একজন ঊধ্বর্তন কর্মকর্তা।
শফিউদ্দিন ২০২১ সালের ২৪ জুন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নেন। তিনি জেনারেল আজিজ আহমেদের কাছ থেকে দায়িত্ব নিয়েছিলেন।
তিন বছর দায়িত্ব পালনের পর ২০২৪ সালের ২৩ জুন অবসরে যান জেনারেল শফিউদ্দিন। সেনাপ্রধান থাকা অবস্থায় তিনি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্বও পালন করেন।








