সাবেক ডেপুটি স্পিকার টুকুর ছেলের বিরুদ্ধে দুদকের মামলা

গ্রাফিকস: আগামীর সময়
সাবেক ডেপুটি স্পিকার ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর ছেলে এস এম আসিফ শামসের বিরুদ্ধে মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তিনি পাবনার বেড়া পৌরসভার সাবেক মেয়র। শামসুল হক টুকুর আরেক ছেলে এস এম নাসিফ শামস এবং তার স্ত্রী মুমতাহিনা মোস্তফার বিরুদ্ধেও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্পদবিবরণী দাখিলের নোটিস জারি করেছে দুদক। গতকাল মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম। তিনি জানিয়েছেন, নির্ধারিত সময়ে সম্পদবিবরণী দাখিল না করায় আসিফ শামসের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। এরই মধ্যে কমিশনে অনুমোদন পেয়েছে মামলাটি। শিগগিরই মামলাটি করে দাখিল করা হবে আদালতে।
জানা গেছে, রাজনৈতিক প্রভাব ব্যবহার করে বিপুল সম্পদ অর্জনের অভিযোগে শামসুল হক টুকুর বিরুদ্ধে চলমান অনুসন্ধানের অংশ হিসেবে তার ছেলে আসিফ শামসের সম্পদের হিসাব নেওয়ার উদ্যোগ নেয় দুদক। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, আসিফ শামসকে সম্পদবিবরণী দাখিলের জন্য নোটিস পাঠানো হয়।






