রোহিঙ্গার প্যান্টের পেছনে গোঁজা ছিল ওয়ান শুটারগান

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে দেশীয় তৈরি একটি ওয়ান শুটারগান উদ্ধার করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ ঘটনায় হাসমত উল্লাহ ওরফে সানু (২৬) নামে এক রোহিঙ্গাকে আটক করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যা ৭টা ৫ মিনিটে ক্যাম্প-৬-এর এ/৩ ব্লকে এ অভিযান চালানো হয়।
১৪ এপিবিএন সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ক্যাম্পের ওই ব্লকে কয়েকজন রোহিঙ্গা অস্ত্রসহ অবস্থান করছেন। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে নৌকারমাঠ পুলিশ ক্যাম্পের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করেন। এ সময় হাসমত উল্লাহকে আটক করা হলেও অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজন পালিয়ে যান।
পুলিশ আরও জানায়, পরে সাক্ষীদের উপস্থিতিতে আটক ব্যক্তির দেহ তল্লাশি করা হয়। এ সময় তার কোমরে জিনসের প্যান্টের পেছনে গোঁজা অবস্থায় একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান পাওয়া যায়। কাঠের বাটসহ অস্ত্রটির দৈর্ঘ্য ১৬ দশমিক ৫ ইঞ্চি। পরে অস্ত্রটি জব্দ করে পুলিশ ক্যাম্পে নেওয়া হয়।
এ ঘটনায় ৬ নভেম্বর নৌকারমাঠ পুলিশ ক্যাম্পে সাধারণ ডায়েরি করা হয়। আজ শনিবার আটক হাসমত উল্লাহর বিরুদ্ধে অস্ত্র আইনের ১৯(এ) ধারায় উখিয়া থানায় মামলা করা হয়েছে।



