তিন বছরে প্রাথমিক শিক্ষার চিত্র বদলে যাওয়ার আশা ববি হাজ্জাজের

ময়মনসিংহে প্রশিক্ষণ কর্মশালায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ— সংগৃহীত
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে জানিয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, ‘শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে জনবল সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে। পাশাপাশি শিক্ষক নীতিমালা প্রণয়ন, ধর্মীয়, কালচারাল ও খেলাধুলাভিত্তিক শিক্ষা অন্তর্ভুক্তিসহ শিক্ষার সার্বিক মানোন্নয়নে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।’
আজ রবিবার বিকালে ময়মনসিংহের নেপ অডিটোরিয়ামে ‘প্রাথমিক শিক্ষায় শ্রেণি কার্যক্রম পরিচালনা, মনিটরিং, জবাবদিহিতা ও স্থানীয় প্রশাসনের প্রতি পরিবর্তিত প্রত্যাশা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ববি হাজ্জাজ বলেছেন, ‘৬ মাসের টার্গেট পূরণ হয়েছে। আগামী ৬ মাসের টার্গেটও পূরণ হবে।’ আগামী তিন বছরের মধ্যে প্রাথমিক শিক্ষার চিত্র পুরোপুরি বদলে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এসএসসি পাসের মিষ্টি না কিনে সহপাঠীর ক্যানসার আক্রান্ত মায়ের পাশে শিক্ষার্থীরা
১৬ আগস্ট ২০২৬
প্রতিমন্ত্রী জানান, সরকার চায় দেশের কোনো শিশুই যেন প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে না থাকে। শুধু অবকাঠামো নির্মাণ করাই সরকারের লক্ষ্য নয়, শিক্ষার প্রকৃত মান উন্নয়ন নিশ্চিত করাই প্রধান অগ্রাধিকার।
তিনি বললেন, ‘প্রাথমিক শিক্ষার গুণগত মান বৃদ্ধির জন্য শিক্ষক নীতিমালা প্রণয়নসহ বিভিন্ন কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। জনবল সংকট নিরসনেও কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে। একই সঙ্গে শিক্ষার্থীদের জন্য ধর্মীয়, কালচারাল ও খেলাধুলাভিত্তিক শিক্ষার সুযোগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।’
প্রাথমিক শিক্ষা, ময়মনসিংহ বিভাগের বিভাগীয় উপপরিচালকের কার্যালয়ের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রাথমিক শিক্ষা, ময়মনসিংহ বিভাগের বিভাগীয় উপপরিচালক মুহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ), ময়মনসিংহের মহাপরিচালক ফরিদ আহমদ এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি অ্যান্ড অপারেশন) মীর আব্দুল আউয়াল আল মেহেদী।







